Showing posts with label রেঁস্তোরা. Show all posts
Showing posts with label রেঁস্তোরা. Show all posts

Wednesday, May 21, 2014

একটি চিরাচরিত ‘ঘুরে এলাম অমুক জায়গা’ টাইপ লেখা- ৩য় পর্ব

কক্সবাজারে দ্বিতীয় দিনটা ছিল খুব কার্যকর। আগের পর্ব শেষ করেছিলাম সকালের নাস্তায়। সেখান থেকেই আজকের গল্প শুরু করছি। আমাদের ধারণা ছিল নাস্তা সেরে বাসায় গিয়ে দেখবো আমাদের ঘুমন্ত বন্ধু জেগে গোসল করে রেডি হয়ে থাকবে। কিন্তু না! সে তখনও বেঘোরে ঘুমুচ্ছে। তাকে জোর করে ঘুম থেকে তুলে বাথরুমে পাঠালাম। নিজেরাও আঁটতে থাকলাম পরবর্তী পরিকল্পনা। ঠিক হলো দুপুরে পউষী রেঁস্তোরায় খাবো। এটা নাকি কক্সবাজারের সেরা বাংলা খাবার রেঁস্তোরা। তিন বন্ধু ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে রিক্সা ঠিক করলাম। এক রিক্সায় তিনজন এবং সে তিনজনের ভেতরে আমিও আছি। যেখানে আমি একাই দু’ জনের সমান সেখানে রিক্সাওয়ালা কতটা সাহসী হলে আমাদের তিনজনকে নিতে রাজি হয়? ২০ টাকার বিনিময়ে সে শুধু আমাকেই না, আমার দু’ বন্ধুকেও বহন করতে রাজি হলো। রিক্সা চলছে তো চলছেই, আর পৌঁছাই না আমরা। আমাদের ধারণা ছিল না যে পউষী শহরের ভেতরে। ভেবেছিলাম যথারীতি সব রেঁস্তোরাই সৈকতের সাথে সমান্তরালে। পৌঁছাচ্ছি না দেখে এক সময় কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। রিক্সাওয়ালা আমাদের অন্য কোথায় নিয়ে যাচ্ছে না তো?? বেশ একটা সাসপেন্স। আমার চাঁটগাইয়া ফাজিল বন্ধু এরপর চাপাবাজি শুরু করলো। রিক্সায়ালাকে শুনিয়ে শুনিয়ে আমাকে প্রশ্ন করলো “আমরা যে কক্সবাজারে আসছি ওসি সাহেবকে জানানো হইসে তো”? আমি বললাম “হ্যাঁ সে-ই তো সব ব্যবস্থা করলো”। এরপর তার প্রশ্ন “এসপি সাহেব”। আমি দ্বিগুণ ভাব নিয়ে বললাম “স্যার সব জানেন”। এবার তিনগুণ ভাব নিয়ে আমার বন্ধুর প্রশ্ন “ম্যাগজির আর রিভলবার কি একসাথেই আছে?” আমার ততক্ষণে ফিচলা হাসি বের হয়ে গিয়েছে। যা হোক, ওসি সাহেবের ভয়েই কিনা জানি না আমরা খুব দ্রুত পউষীর সামনে এসে পৌঁছালাম। ঠিক তখনই আবিষ্কার হলো আমাদের আরেক বন্ধুর এক পায়ের স্যান্ডেল গায়েব। তিনজন ওঠায় এক পায়ের স্যান্ডেল খুলে সে পা উপরে রেখেছিল। পথিমধ্যে স্যান্ডেলখানা পড়ে গিয়েছে। এবার সে রিক্সা ঘুড়িয়ে স্যান্ডেল উদ্ধারে রওনা হলো। ওসি সাহেবের বিশেষ অতিথিরা অস্ত্র উদ্ধার করতে না পারলেও স্যান্ডেল উদ্ধার করতে সক্ষম। কেননা আমার বন্ধু আধা ঘন্টা পর মহানন্দে দাঁত বের করে স্যান্ডেল নিয়ে হাজির হলো। তদন্ত করে আবিষ্কার করা হলো যাত্রাপথের এক স্পিড ব্রেকারের ঝাঁকুনিই স্যান্ডেল ভাইয়াকে গুম করে দিয়েছিলেন।

old-front-of-the-restaurant

simple-layout-but-busy

পউষী রেঁস্তোরার ভেতরে

পউষীর ব্যাপার স্যাপার দারুণ। পরিবেশন এক শিল্প। বাটিতে করে এলো গরম পানি আর প্লেটে চাক করে কাটা লেবু। প্লেটে একটু করে গরম পানি ঢেলে লেবু দিয়ে ঘষে প্লেট পরিষ্কার করতে হবে। চমৎকার একটা ব্যাপার। এ কাজ করার পর প্লেটটা গরম হয়ে যাবে। আর তখন গরম খাবার আর গরম প্লেটের আহার বিলাস হবে অসাধারণ। আমরা অর্ডার করলাম ডাল, ভাত, সবজি আর লইট্টা ফ্রাই। গোগ্রাসে গিলতে লাগলাম অসম্ভব সুস্বাদু সে খাবার। চালগুলোও অনেক চিকন। কী চাল তা বুঝলাম না। তবে অন্য হোটেলের চেয়ে উন্নত মানের। ঝরঝরে করে রাঁধা। ওদের ফ্রিজে ছোটবেলার স্প্রাইটের কাঁচের বোতলগুলোও দেখলাম। থাকতে না পেরে একটা নিলাম। গরমে আরাম পেলাম ব্যাপক। পউষীর আরেক দারুণ ব্যাপার হলো খাবারের সাথে কমপ্লিমেন্টারি দু’ পদের টমেটোর চাটনি। সব মিলিয়ে পউষীকে অন্য রেঁস্তোরার চেয়ে উপরে রাখতেই হয়। লইট্টা ফ্রাই যতই খাই ততই খেতে ইচ্ছে করে। কিন্তু বাজেটের দিকে নজর রেখে খুব বেশি খেলাম না। অবশ্য আমাদের সাধারণ খাওয়াই অনেকের কাছে অনেক বেশি। খাওয়া শেষে ডেজার্ট হিসেবে দই আর কাস্টার্ড খাওয়া হলো। বিল মিটিয়ে বের হয়ে অটো ভাড়া করার প্রয়াস হাতে নিলাম। উদ্দেশ্য হিমছড়ি। সব অটো আপ-ডাউন হিসেবে যেতে চায়। তাদের আবার প্যাকেজও আছে। যাবো, এক ঘন্টা থাকবো, এরপর ফিরবো। ৪৫০ টাকা দিতে হবে। আর দু’ ঘন্টা থাকলে ৬০০ টাকা। আমরা শুধু যাওয়ার জন্যেই ভাড়া ঠিক করলাম। কেউ ২০০ এর নিচে যাবে না। মূলামূলি করে ১৮০ তে এক চাচাকে রাজি করিয়ে রওনা হলাম হিমছড়ির পথে।

31100961

হিমছড়ির পথে মেরিন ড্রাইভ রোড

১৩ বছর পর হিমছড়ির ঝর্না দেখতে যাচ্ছি। মনটা খুব ভালো। আর সেদিন আবহাওয়াও চমৎকার ছিল। সাগরের পাড় ঘেষে রাস্তা দিয়ে চলছে আমাদের অটো। অন্য পাশে ছোট ছোট টিলা। অটোগুলো খুব দ্রুত যেতে পারে না। মাঝে মাঝে অন্য একটি অটো পাশে এসে আর ওভারটেক করতে না পেরে সমান্তরালে চলতে থাকে। তখন দু’ চালকের মাঝে একটা স্নায়ুযুদ্ধ শুরু হয়। অপর দিক থেকে অন্য একটি বাহন না আসা পর্যন্ত এ যুদ্ধ চলে।

ছবি কৃতজ্ঞতা: ট্রিপ অ্যাডভাইজার ও প্যানারোমিও ডট কম

Thursday, May 15, 2014

একটি চিরাচরিত ‘ঘুরে এলাম অমুক জায়গা’ টাইপ লেখা- ২য় পর্ব

সঙ্গীত চর্চা করতে করতে একেবারে কলাতলী পয়েন্টে চলে আসলাম আমরা। সেখান থেকে রিক্সা নেব না অটো নেব সে সিদ্ধান্থীনতায় কাটলো অনেকটা ক্ষণ। অতঃপর দু’টা রিক্সা নিয়ে ফিরে এলাম সুগন্ধা পয়েন্টের হোটেলে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাতের খাবারের সন্ধানে। কিছুটা দূরে বিধায় ধানসিঁড়ি রেঁস্তোরায় না গিয়ে হাঁটাপথে খাওয়ার হোটেল খুঁজতে লাগলাম। লুঙ্গি পরিহিত এক ব্যক্তি স্থানীয় জান্নাত হোটেলের কার্ড ধরিয়ে দিলেন। এতো ক্লান্ত বোধ করছিলাম যে ভালোমন্দ যাচাই না করে ঢুকে পড়লাম সেখানে। ওয়েটার বাবাজি অনেকক্ষণ পর হোটেলের বাইরে থেকে প্রবেশ করলেন। আমরা ছাড়া কোনো কাস্টমার নেই সেখানে। হিসাব-নিকাশ করে ডাল আর ভাতের সাথে অর্ডার করলাম ভর্তা-ভাজি। কক্সবাজার যখন এসেছি রূপচান্দা ফ্রাই যত দামই হোক, একটু চেখে দেখা দরকার সে আশায় অর্ডার করলাম। আকাশচুম্বী দাম। ৩০০ টাকা। ওয়েটার সাহেব বললেন রূপচান্দা আসতে দেরি হবে। কতক্ষণের জবাবে বললেন ১০ মিনিট। আমার চাটগাঁইয়া বন্ধু পাল্টা প্রশ্ন করে বসলো, “১০ মিনিট মানে কি ১০ মিনিট?” এবার মাথা চুলকাতে চুলকাতে ওয়েটার বললেন ইয়ে মানে ১৫ মিনিট। আমরা ভর্তা ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম। টমেটো ভর্তাটা এখনও মুখে লেগে আছে। অন্যান্য আইটেম ততটা ভালো লাগে নি। খাওয়া শেষ হওয়ার পর আসলো রূপচাঁদা। তিন জন মিলে সেটাকে নিমিষে সাবাড় করলাম। দাম মিটিয়ে হোটেলের পথে হাঁটা দিলাম।

cox-bazer-24

ভাবছিলাম একটা ঠান্ডা কোক নিয়ে হোটেলে ফিরি। আমাদের মতিগতি ধরে ফেললো এক চাল্লু দোকানদার। ডাক দিলো ঠান্ডা কিছু লাগবে নাকি বলে। তার দোকানে সব কিছুর দাম বাড়তি। আবার মোটের ওপরও দুই টাকা বেশি রাখতে চায়। তার বক্তব্য হলো, সে আমাদের ছোট ভাই। ট্যুরিস্ট এলাকা। দাম একটু বাড়তি। আমরা বললাম যেহেতু আমরা তার বড় ভাই তাইলে দাম একটু কম রাখেন। এবার তার নাকি কান্না। সে গরিব মানুষ। দোকান তার না। দোকানে সে চাকরি করে। খাতির করে সে চা খাওয়াতে পারবে কিন্তু দাম কম রাখতে পারবে না। তারপরও ভুং চুং করে ৫ টাকা কমানো হলো। কঠিন চাল্লু পাবলিক সে। হোটেলে ফিরে ৩ বন্ধু কোকা কোলা পান করতে করতে টিভিতে ট্রাভেল অ্যান্ড লিভিং দেখার ব্যর্থ চেষ্টা করে অতঃপর ঘুমিয়ে পড়লাম।

coxs-bazar-sunset-dhaka-city

আমার বন্ধুদের পরিকল্পনা ছিল তারা পর দিন খুব ভোরে উঠে সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার পাশাপাশি জগিং করবে। কীসের কী! সাড়ে ১০ টায় ঘুম থেকে জেগে দেখি আমিই ফার্স্ট। দুইজন বেঘোরে ঘুমাচ্ছে। এদিকে রাতে এলাকার ভোল্টেজ আপ ডাউন করায় এসি নষ্ট হয়ে গিয়েছে। ফ্যান একটু চলে তো একটু থামে অবস্থা। ফলে কারোরই ঘুম ভালো হয় নি। দু’জনকে জাগানোর ব্যর্থ চেষ্টা করে নিজেই নাস্তা খেতে বেরিয়ে পড়লাম। হোটেলের সামনের সাথী রেঁস্তোরায় একমাত্র কাস্টমার হিসেবে প্রবেশ করলাম। পরোটা, ডিম ভাজি আর সবজি দিয়ে নাস্তা সারলাম। এরপর বাইরে এসে পান করলাম এক কাপ অদ্ভুত স্বাদের চা। মনে হচ্ছিল চায়ের মধ্যে চিনি না দিয়ে সরাসরি আখের রস ঢালা হয়েছে। নাস্তা সেরে রুমে ফিরে দেখি দুই বান্দা তখনও ঘুমাচ্ছে। একজনকে ওঠানো গেল। অপরজন বেহুঁশ। যেই জন উঠলেন তার সাথে দ্বিতীয় নাস্তা সারতে বের হলাম। ধানসিঁড়িতে গিয়ে শুনলাম নাস্তা শেষ। থাকবেই বা কী করে? তখন বাজে দুপুর ১২ টা। নাস্তা নেই কিন্তু তাদের ফ্রিজে দেখলাম মিক্সড ফ্রুট নামে এক ডেজার্ট রাখা। কক্সবাজারের সব রেঁস্তোরাতেই এ জিনিস মিলবে। জিনিসটা আসলে কাস্টার্ড। দাম ৬০ টাকা। দু’ বন্ধু মিলে একটা মিক্সড ফ্রুট খেলাম। নাস্তা না পাওয়ার বিরহে বের হলাম। ইলশে গুঁড়ি শুরু হলো। রঁসুই ঘর নামে এক হোটেলে ঢুকে জানতে পারলাম নাস্তা আছে। বসে পড়লাম। আমি পরোটা খেলাম চায়ে ডুবিয়ে, বন্ধু ডিম পোচ দিয়ে পরোটা। বের হওয়ার সময় দেখলাম সেখানে বেলিসিমোর একটা ফ্রিজ আছে। অতিরিক্তি খাওয়ায় হালকা বমি ভাব হচ্ছিল। আইসক্রিম খেলে ভালো লাগবে এ আশায় (আসলে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল) দু’জন দু’টা মিনি চকবার যেটার নাম সম্ভবত ‘জি’ নিয়ে ফেললাম। খেতে খেতে হোটেলের দিকে ফিরলাম।

বুদ্ধিমান পাঠক নিশ্চয়ই ইতিমধ্যে ধরে ফেলেছেন যে আমাদের কক্সবাজার ভ্রমণে ঘোরাঘুরির চেয়ে খাওয়াই ছিল বেশি। পরের পর্বে হাজির হচ্ছি পৌষী রেঁস্তোরায় উদরপূর্তি আর হিমছড়ি ট্রিপ নিয়ে।

(চলবে)