Thursday, September 12, 2013

ইতিবাচক মনোভাব গড়ে তোলার ৮টি উপায়

stay positive_compressed


ইতিবাচক মনোভাব যেমন সাফল্যকে ত্বরান্বিত করে তেমনি নেতিবাচক মনোভাব সাফল্যকে করে বাধাগ্রস্ত। নেতিবাচকের চেয়ে ইতিবাচক কর্মকান্ড ও মনোভাব সবার কাছেই বেশি গ্রহণযোগ্য। আপনি যদি সত্যিই সফল হতে চান সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে ইতিবাচক মনোভাব তৈরি করা এবং একই সাথে তা ধরেও রাখা।


 ইন্টারনেট থেকে পাওয়া এই কৌতুক হয়ত অনেকের জানা। জুতা কোম্পানীর সেই দুজন বিক্রেতা যাদেরকে আলাদাভাবে পাঠানো হয়েছিল এক প্রত্যন্ত অঞ্চলে জুতার সম্ভাব্য বাজার নির্ধারন করতে। একজন এসে বলল যে ওখানে জুতার কোন বাজারই নেই। পাঁচ হাজার লোকের বসবাস সেখানে কিন্তু কেউ জুতা পায়ে দেয় না। অন্যজন বলল যে ওখানে জুতার বাজারের বিপুল সম্ভবনা কারন পাঁচ হাজার লোকের কেউই জুতা পায়ে দেয় না। একজন নিরাশাবাদী মানুষ অনেক সম্ভাবনার মধ্যেও সমস্যা খুঁজে বের করতে পারে আর একজন আশাবাদী মানুষ অনেক সমস্যার মধ্যেও খুঁজে বের করতে পারে সম্ভাবনা।


 যখন আপনি কোন কাজে নেতৃত্ব দেবেন তখন ইতিবাচক মনোভাব না থাকলেও হয়তো কাজটি সম্পন্ন হবে কিন্তু আপনার ইতিবাচক মনোভাব সবাইকে তার নিজের সবচেয়ে ভাল কাজটুকু করতে উৎসাহিত করবে। আর তা মাথায় রেখেই জানাচ্ছি ইতিবাচক মনোভাব গড়ে তোলার ৮টি উপায়ঃ


 ১. লক্ষ্যের সাথে সংগতি রেখে কাজ করুন:

কোন কাজ শুরু করার আগে ভাবুন এটি কিভাবে আপনাকে আপনার আসল লক্ষ্যের কাছে নিয়ে যাবে। যদি আপনার কাজ আর লক্ষ্যের মধ্যে মিল না থাকে তবে তা না করাই ভাল। উদ্দেশ্যহীন কাজ শুধু আপনার সময় আর শক্তিই নষ্ট করবে।


 ২. প্রতিদিন নিজেকে পুরোনো সীমাবদ্ধতাগুলো থেকে বের করে আনার চেষ্টা করুন:

পূর্বে যতই সফলতা আনুক না কেন একই কাজ বার বার করলে তা বিরক্তির সৃষ্টি করে। সফলতা অনেকটা শরীরচর্চা করার মত,শরীরচর্চা যেমন নিয়মিত চর্চা করতে হয় সফলতা পেতে হলেও প্রতিনিয়ত নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তা ঠিক করার চেষ্টা চালিয়ে যেতে হয়।


 ৩. লক্ষ্য সুনির্দিষ্ট রাখুন- ফলাফল নয়ঃ

সাধারণত জীবনের নানা ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হয় এবং আপনি যেমন ফলাফল চান সে অনুযায়ী কাজগুলো সাজাতে হয়। কিন্তু আগে থেকে কোন সুনির্দিষ্ট ফল আশা করার মানেই হচ্ছে সেই ফল কোন কারনে না পেলে তা থেকে হতাশায় ভোগা। নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করুন লক্ষ্যে পৌঁছাতে কিন্তু ফলাফল নিয়ে বেশি মাথা ঘামাবেন না।


 ৪. অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিনঃ

অতীতের অসফলতা নিয়ে হতাশ না হয়ে চেষ্টা করুন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবার। অতীতটা ভুল হোক বা শুদ্ধ, তাতে কিছু আসে যায় না। মনে রাখুন আপনি যে ফলাফল পেতে চান তা পাওয়ার পন্থা লুকিয়ে আছে আপনি যে ফলাফল ইতোমধ্যে পেয়েছেন তার মধ্যেই।


 ৫. ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশুন:

এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আপনার মস্তিষ্ক আপনার অজান্তেই আপনার আশেপাশের মানুষগুলোর আচরণ নকল করতে থাকে (যার কারন হচ্ছে ‘a mirror neuron’)। এর মানে হচ্ছে ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশলে আপনার মনেও তার প্রভাব পরবে। আর নেতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশলে তার প্রভাবও আপনার উপর পরবে। তাই সবসময় চেষ্টা করুন ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশতে।


 ৬. নিজেকে বেশি গুরুত্ব দেবেন নাঃ

আপনি যদি চান যে আপনার আশেপাশের মানুষগুলো আপনার সাথে সহজভাবে মিশবে তাহলে নিজের করা ভুলগুলো স্বীকার করে তা নিয়ে নিজেই মজা করতে শিখুন, নিজের উপর হাসতে শিখুন। যদি আপনি নিজে নিজের ভুলগুলো নিয়ে হাসতে না পারেন তবে নিশ্চিত থাকুন আপনার অবর্তমানে অন্যরা সে কাজটি অবশ্যই করে।


৭. অন্যদের অক্ষমতা সহজভাবে নিনঃ

সবার কাজ করার ক্ষমতা একই রকম হয় না। যেভাবে আপনি একটি কাজ করতে পারতেন ঠিক সেভাবে অন্য কেউ নাও করতে পারে, তাই এটি নিয়ে মন খারাপ করা ঠিক হবে না।


৮. ধন্যবাদ বলুন নিয়মিতঃ

কৃতজ্ঞতা বোধ তৈরি হবে তখনই যখন আপনি জীবনের ছোট ছোট দুঃখকষ্টগুলোকে সরিয়ে প্রাপ্তিগুলোকেই বড় করে দেখবেন। অন্যদের দেয়া উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, হোক না তা এক চিলতে হাসি।


 সুত্রঃ Inc.com

Wednesday, September 11, 2013

সাইক্লিং এবং ঢাকা শহর

[caption id="attachment_276" align="aligncenter" width="800"]Cool, isn't it! Photo Courtesy: www.bikestylespokane.com Cool, isn't it!  :D[/caption]

ব্যাপারটা বেশ আশাব্যঞ্জক, ঢাকা শহরে সাইকেল এর সংখ্যা অনেক বেড়েছে, আরও বাড়ছে। সত্য বলতে আমি ঢাকায় সাইকেল ছাড়া কোন উপায় দেখি না। যানজট কমার কোন লক্ষণ নেই, কোন কারণ নেই, অবস্থা পরিবর্তনের কোন উদ্যোগ নেই, কারো কোন মাথা ব্যথা নেই। এই অবস্থায় সিদ্ধান্ত আপনার – either do something about it, or continue to live miserably; its a matter of choice. আমার মতে পোকামাকড় এর জীবনের কোন মানে নাই। বাঁচলে বাঁচ মানুষের সম্ভ্রম নিয়ে, পাখির স্বাধীনতা নিয়ে, পাহাড়ের বিশালতা নিয়ে, বৃক্ষের মহত্ত্ব নিয়ে। এখন পাখির মত পাখা থাকলে এত কথা না বললেও চলত, চাকা উদ্ভাবনকে আবিষ্কারের মর্যাদা না দিলেও চলত। বাস্তবতার কথা যদি বলতে হয়, ঢাকা শহরে স্বাধীনতার প্রতিকৃতি একটাই, দুই চাকার ঘোড়া।

ঢাকার রাস্তার একমাত্র সমাধান সাইকেল হলেও সত্য হল ঢাকার রাস্তা সাইকেলের জন্য আদর্শ না। ট্রাফিক আইন বলে কিছুই নেই, সবাই বাপের রাস্তায় চালায়, বাস-ট্রাক এর কথা নাই বললাম। তবুও দুটি কারণে আমার ঢাকার রাস্তায় সাইকেল অনেক নিরাপদ মনে হয় – control নিজের হাতে, আমি সাবধান থাকলে অনেকটাই রিস্কমুক্ত, আর সাইকেল এর স্পিড খুব বেশি উঠে না, নিয়ন্ত্রণে রাখা তুলনামূলক সহজ। তারপরেও সাইকেল চালানোর সময়ে কিছু জিনিস মাথায় রাখতে হয় (অভিজ্ঞতা থেকে বলছি) –

  • ALWAYS safety first. নিরাপদ থাকবেন, নিরাপত্তা অবলম্বন করবেন, মাথা পরিষ্কার না হলে চালাবেন না; প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কয়েক মিনিটের বিরতি নিবেন। নিরাপত্তার সকল ব্যবস্থা নিশ্চিত করে তবেই রাস্তায় নামবেন।

  • ঢাকার রাস্তায় কোন কিছু স্থির না। মাথায় রাখবেন একটা গাছ থাকলে সেটাও রাস্তা পার হবে ঠিক যখন আপনি ওটার পাশ দিয়ে চালিয়ে যাবেন তখন (মানুষের কথা নাই বললাম)।

  • বেল এবং ব্রেক এর কদর ঢাকা থেকে বেশি কোন শহরে নাই।

  • নিজেকে যতটা সম্ভব “ঝিকিমিকি” করে তোলেন, অন্ধকারে যেন আপনাকে পরিষ্কার দেখা যায়। ডানে বামে উপরে নিচে আগায় গোড়ায় হেলমেটে যেখানে পারেন লাইট লেজার লেড লাগিয়ে রাস্তা আলোকিত করে দেন। আপনিও যে একটা মানুষ, আর সাইকেলও যে একটা বাহন, সেটা চাকা-ওয়ালা এবং “পা”জেরো, উভয় শ্রেণীকে বোঝানোর বৃথা লড়াই আপনাকে করে যেতে হবে, আমাদের সকলের স্বার্থে।

  • বাস ও ট্রাক ড্রাইভারের কোন মা বাপ নাই (আক্ষরিক অর্থে না অবশ্যই :P)।

  • ট্রাফিক আইন বলে কিছু নেই, ট্রাফিক সিগনালের কোন ভরসা নেই, ট্রাফিক পুলিশের বেল নাই। যে আসার সে আকাশ থেকে পড়ে হলেও আপনার সামনে উদয় হবে।


[caption id="attachment_213" align="aligncenter" width="300"]Photo Courtesy: www.news.priyo.com Photo Courtesy: www.news.priyo.com[/caption]

  • যেকোন ট্রাফিক "মোহনা" (যেখানে এক রাস্তার ট্রাফিক অন্য রাস্তায় মিলিত হয়)  থেকে সাবধান। এক্ষেত্রে একটি ছোট বুদ্ধি প্রয়োগ করা যায়। কোন যানবাহনের cover নিয়ে পার হয়ে যান, ঝামেলামুক্ত।

  • কোন আচমকা ডান-বাম করবেন না। কোন নির্দিষ্ট লেন না থাকায় আপনাকে যেকেউ যেকোনো সময়ে পিছন থেকে ওভারটেক করতে পারে, ডান-বাম উভয় দিক থেকে। নড়াচড়া করার আগে পিছনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে নেন।

  • কখনো অনিশ্চয়তায় ভুগবেন না। কোন দিকে যাবেন সে সিদ্ধান্ত মোড় আসার আগেই নিয়ে ফেলেন, আপনার গতিবিধি সবার কাছে "সম্প্রচার" করেন (আপনার body language, হাত ও নাড়াচাড়ার মাধ্যমে)।

  • ফোন কানে বাঙ্গালিকে শয়তান কাতুকুতু দেয়। হিসাব করলে এদের সংখ্যা কম নয়। এদের থেকে সাবধান, রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, কোন কারণ ছাড়া ডান বাম করবে, হঠাৎ রাস্তা পার হবে।

  • চোখ রাস্তায়, রাস্তায় খাড্ডা দেয়ার ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের কোন কৃপণতা নেই।


আরেকটা খুবই জরুরি ব্যাপার হল সাইকেলের যত্ন নেয়া। আপনি এর যত যত্ন নিবেন এটা আপনার তত ভাল সেবা করবে। তার চেয়ে বড় কথা হল এটা কখনো আপনার ভালবাসার বিশ্বাসঘাতকতা করবে না, এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন। সর্বোপরি, মাঝরাস্তায় আপনাকে বিপদে ফেলবে না (trust me, না ঘটে থাকলে আপনি কখনো ঢাকার রাস্তায় ব্রেক ফেল এর মজা বুঝবেন না :P)। সাইকেলের যত্ন নেয়া খুব কঠিন না, খুব বেশি সময়সাপেক্ষও না। একে পরিষ্কার রাখতে হবে (কোনক্রমে কাঁদা শুকাতে দেয়া যাবে না, কাঁদা জং ধরার সবচেয়ে বড় কারণ), প্রতি সপ্তাহে একবার না পারলেও অন্তত মাসে একবার ভাল করে পরিষ্কার করে তেল/লুব্রিকেন্ট দিতে হবে, স্ক্রু-নাট-বল্টু গুলা মাঝে মাঝে টাইট দিতে হবে, চাকা-ব্রেক-গিয়ার দরকার অনুযায়ী টিউন করতে হবে এবং পুরান হয়ে গেলে গিয়ার ও ব্রেকের তার পাল্টাতে হবে – এরকম ছোট কিছু বিষয় অনুসরণ করলে আপনার সাইকেল আপনাকে যে সেবা দিবে তা আপনি পয়সা দিয়েও কিনতে পারবেন না (যদিনা আপনার অগাধ টাকা থাকে এবং মন চাইলেই নতুন সাইকেল কিনেন)। কিভাবে সাইকেল পরিষ্কার করবেন, তেল/লুব্রিকেন্ট দিবেন ও টিউনিং করবেন তার বিস্তারিত তথ্যের ইন্টারনেটে কোন অভাব নেই, সার্চ দিলেই পাবেন।

সবশেষে আরেকটা কাজের কথা। সাইকেল সবসময় নিরাপদ পার্কিং এ রাখবেন, তালা কাটার বুদ্ধির বাঙ্গালির মাথায় অভাব নাই। আজকাল আবার সাইকেল চুরির প্রবণতা অনেক বেড়ে গেছে (দুই বছর আগে সাইকেলের দিকে কেউ ঘুরেও তাকাত না, গরীবের নিরীহ বাহন কারো নজর কেন কাড়বে!)। যদি নিতান্তই পার্কিং না পাওয়া যায় আর রাস্তায় তালা দিয়ে রাখতে হয়, সবসময় জনসম্মুখে রাখবেন, যেন সবাই তা দেখতে পারে। Sometimes the best way to hide something is right before the bare eyes.

Happy Paddling !! :)

[caption id="attachment_211" align="aligncenter" width="322"]Photo Coiurtesy: www.khabarsouthasia.com Photo Courtesy: www.khabarsouthasia.com[/caption]

Tuesday, September 10, 2013

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: সচেতন হতে হবে কিন্তু আমাদেরই

সুধীন্দ্রনাথ দত্তের ‘উটপাখি’ কবিতায় আছে “অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?” নাহ। অন্ধ হলে প্রলয় বন্ধ থাকার কোনো সুযোগ নেই। ইউটোপিয়ান সমাজে প্রলয় বন্ধ থাকতে পারে, উন্নত দেশে প্রলয় সীমিত আকারে থাকতে পারে, কিন্তু আমাদের দেশে চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হওয়া তো দূরে থাক, প্রলয়ের মহাযজ্ঞ শুরু হয়ে যাবে। সমাজে চলার জন্য আমাদের শুধু চোখ,কান বা মুখ খোলা রাখাই যথেষ্ঠ নয়, প্রয়োজনে হাত-পাও খোলা রাখতে হয়। মূল কথা হচ্ছে, অসচতেন হলে আপনাকে ঠকিয়ে দিতে পারে যে কেউ।

বাজার করা, পণ্য বা সেবা ক্রয় করা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছিন্ন অংশ। কিন্তু আমরা কি কখনো লক্ষ্য করেছি যে কেনাবেচার এই মহাযজ্ঞে আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত?  ওজনে কম দেয়া, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করা, এক পণ্য দেখি অন্য জিনিস গছিয়ে দেয়া কিন্তু প্রতারণার সামিল। সবচেয়ে বড় য়ে প্রতারণা আমাদের দেশে হয়ে আসছে সেটি হলো খাদ্যে ভেজাল বা বিষাক্ত উপাদান মেশানো। ব্রিটেনে মানুষ হত্যার জন্য মৃত্যুদণ্ড দেয়া না হলেও খাদ্যে বিষাক্ত রাসায়নিক মেশালে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কেননা একজনকে হত্যা করলে একজনই মরে কিন্তু খাদ্য বা ঔষধ কিংবা প্রসাধন সামগ্রীতে বিষাক্ত পদার্থ মেশালে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

image_332_46256

আমরা অনেকেই জানি, আমাদের দেশে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ নামে একটি আইন আছে। খুব শক্তিশালী না হলেও ‘কনজিউমার এসোশিয়েশন অব বাংলাদেশ’ এর ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার ৩৮ বছর পর গত ২০০৯ সালে দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন জাতীয় সংসদে পাশ হয়। এ আইনের ফলে ভোক্তা তার প্রাপ্য অধিকার আদায়ের জন্য আইনী রক্ষাকবচের আওতাভুক্ত হবেন। হরমামেশা দোকানপাট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করছে সে বিষয়ে আমরা কতটুকু খোঁজ রাখি? আইন করে কিন্তু সমাজে পরিবর্তন আনা যায় সামান্যই। আইনের প্রয়োগ সর্বোচ্চ করা সম্ভব তখনই যখন সামাজিক সচেতনতা গড়ে ওঠে। যখন কোর্টের বাইরে সামাজিকভাবে কোনো অন্যায় প্রতিরোধের মানসিকতা জনগণের মাঝে তৈরি হয়। যেমন- বাল্য বিবাহের কথাই ধরা যাক। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং জনগণের সচেতনতা ও উপলব্ধির মাধ্যমে বাল্যবিবাহ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধের জন্য যে প্রচারণা সমাজে হয়েছে, ভোক্তা অধিকার রক্ষায় ততটা প্রচারণা হয় নি। প্রচারণা বলতে মোবাইল ফোনে ‘গভর্মেন্ট ইনফো’ পাঠানো পর্যন্তই।

প্রায়ই এমন হয় যে একটি পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা রয়েছে কিন্তু বিক্রেতা বেশি দাম চাইলে বিনা প্রতিবাদে আমরা অতিরিক্ত মূল্য দিয়ে পণ্যটি ক্রয় করছি। এভাবে কিন্তু আমরা বিক্রেতাদের ধীরে ধীরে প্রশ্রয় দানের মাধ্যমে শক্তিশালী করে তুলছি। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হচ্ছে। হোটেল বা রেস্টুরেন্টে প্রায়ই এমআরপি (ম্যাক্সিমাম রিটেইল প্রাইস) লেখা কোমল পানীয় বা আইসক্রিম অধিক মূল্যে বিক্রি করা হয়। আবার সুপার শপগুলোতে এমআরপি লেখা পণ্যের সাথে অতিরিক্ত মূল্য সংযোজন কর প্রদান করতে হয়। অথচ এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্য অর্থ পণ্যটির জন্য প্রযোজ্য সকল প্রকার কর পরিশোধিত অর্থাৎ, সকল করসহই পণ্যটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ওপরে আর কোনো কর প্রদান করতে হবে না। কিন্তু কি অবলীলায় দিনের পর দিন ঝকমকে সুপার শপগুলো আমাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করে নিচ্ছে। অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের চতুর্থ অধ্যায়ের ৪০ নম্বর অনুচ্ছেদে রয়েছে, “কোনো ব্যক্তি কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্য কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের চেষ্টা করিলে তার অনুর্ধ্ব এক বৎসরের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন”।

শুধু তাই নয়, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনগণকে প্রতারিত করলে, ভেজাল খাদ্য বা ঔষধ উৎপাদন করলে কিংবা সেখানে নিষিদ্ধ দ্রব্য মেশালেও শাস্তির বিধান রয়েছে এ আইনে। যেমন উল্লেখিত আইনের ৪র্থ অধ্যায়ের ৪২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন নিষিদ্ধ (আইন বা বিধি দ্বারা) দ্রব্য খাদ্যে মেশালে অপরাধী অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। অন্যায়ের তুলনায় এখানে সাজা খুবই নমনীয় হয়ে গিয়েছে। ওজনের কারচুপি কিংবা প্রতিশ্রুত সেবা বা পণ্য যথাযথভাবে সরবরাহ না করলেও শাস্তির বিধান রয়েছে। কিন্তু যথারীতি দেশে আইন থাকলেও, আইনের প্রয়োগ নেই। তাই হরহামেশা আইনের লঙ্ঘন ঘটে চলছে।

complain

সুষ্ঠুভাবে আইন প্রয়োগের পাশাপাশি আমরা যে যার পর্যায় থেকে যদি সচেতন হই তাহলে সমাজে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। কেউ প্রতারিত করার চেষ্টা করলে প্রথমেই তার প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে আইনের কথা বিক্রেতাকে অবহিত করতে হবে। এমনকি উক্ত পণ্য বা সেবা ক্রয় থেকে বিরত থাকার ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে। সবাই যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে সমাজে আইনের শাসন কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। সচেতন হওয়ার সময় হয়তো পার হয়ে যাচ্ছে, তাই শীঘ্রই আমাদেরকে নিজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

 

পাঠকের সুবিধার জন্য নিচে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লিংক নিচে দিয়ে দিলাম
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯

Sunday, September 8, 2013

জরুরি অবস্থায় কী করবেন?

দুর্ঘটনার সাথে সাথে একজন মানুষের উপস্থিতি ও তার প্রতিক্রিয়ার উপর অনেক কিছু নির্ভর করে। উপস্থিতি কপালের উপর, কিন্তু প্রতিক্রিয়া মানসিক স্থিতি ও কি করতে হবে তা জানার উপর নির্ভরশীল। আগের পোস্টে First Aid কি ও কেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে (http://iferi.com/blog/2013/08/first-aid-1/)। তাও মনে করিয়ে দেই, আপনি First Aid দিবেন, ডাক্তারি ফলাবেন না। সাহায্যের ব্যবস্থা নিশ্চিত করেন/করান। কোন পরিস্থিতিতে কি করতে হবে এই পোস্টে তা জেনে নেয়া যাক।

কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে –

[caption id="attachment_249" align="alignleft" width="216"]Photo Courtesy: www.shutterstock.com Photo Courtesy: www.shutterstock.com[/caption]

  • অতিরিক্ত রক্তক্ষরণ হলে যেভাবে হোক রক্ত পড়া বন্ধ করতে হবে। ক্ষতস্থানে পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ রক্ত পড়া বন্ধ না হয়। দূর্বা ঘাস রক্ত বন্ধে সহায়ক, যা আমাদের দেশের আনাচে কানাচে পাওয়া যায়। দূর্বা ঘাস পেস্ট করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।

  • ক্ষতস্থান ভাল করে পরিষ্কার করতে হবে। তাতে Infection বা জীবাণু সঙ্ক্রমণের সম্ভবনা কমে। পারলে ডেটল বা স্যাভলন পরিষ্কার তুলা বা কাপড়ে লাগিয়ে তা ব্যবহার করে পরিষ্কার করেন। এছাড়া হলুদ বাটা, নিম পাতা ও তুলসি পাতা জীবাণু নাশকের কাজ করে। এগুলোও ব্যবহার করা যেতে পারে।

  • রক্ত পড়া বন্ধ না হলে অনেক সময় ক্ষতস্থান উঁচা জায়গায় রাখলেও রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় (হাত বা পা কেটে গেলে)। প্রয়োজনে রোগীকে শোওয়ায়ে দেন।

  • রক্ত জমাট বেধে রক্ত পড়া বন্ধ হলে জমাট বাধা রক্ত সরানো যাবে না, তাতে রক্ত পড়া শুরু হওয়ার সাথে ক্ষতস্থান দিয়ে জীবাণু প্রবেশ করে সঙ্ক্রমণের সম্ভবনা বাড়ে। আশপাশের পরিবেশ নোংরা থাকলে বা ক্ষতস্থান থেকে সঙ্ক্রমণের সম্ভবনা থাকতে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান ঢেকে দিতে হবে।


 

 

পুড়ে গেলে –

[caption id="attachment_250" align="alignleft" width="278"]Rinse with Water Rinse with Water[/caption]

  • পোড়া জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব প্রচুর পরিমাণ পানি ঢালতে হবে। এটাই প্রথম এবং প্রধান কাজ। পোড়ার ১ মিনিটের মধ্যে পানি ঢাললে পোড়া সংক্রান্ত অনেক জটিলতা কমে যায়।

  • পোড়ার চিকিৎসার জন্য বিশেষ কিছু ক্রিম পাওয়া যায়। সম্ভব হলে পোড়া জায়গায় তা লাগাতে হবে। এগুলা জ্বলা কমায় আর জীবাণু নাশকের কাজ করে। ক্রিম না পাওয়া গেলে টুথপেস্টও ব্যবহার করা যেতে পারে, এতে পোড়া স্থান আশপাশের পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর জীবাণু সঙ্ক্রমণের সম্ভবনা কমে।

  • কোনক্রমে পোড়া জায়গা বেশি নাড়াচাড়া করা যাবে না; যেন যথাসম্ভব কম নাড়াচাড়া হয় সে ব্যবস্থা নিতে হবে।

  • ফোস্কা পড়ে গেলে কনক্রমেই তা গালানো যাবে না। ফোস্কা পড়ার সম্ভবনা থাকলে ব্যান্ডেজ হাল্কা করে বাঁধতে হবে।

  • এসিড জাতীয় রাসায়নিক দ্রব্যে পুড়ে গেলে এক পোয়া পানিতে দুই চামুচ খাবার সোডা বা কাপড় কাঁচার সোডা মিশিয়ে পানিকে ক্ষারীয় করে নিয়ে তা দিয়ে ধোওয়া যায়। ক্লাস এইটে শেখা – এসিড + ক্ষার = লবণ + পানি।

  • একই কারণে ক্ষার বা চুন জাতীয় রাসায়নিক দ্রব্যে পুড়ে গেলে পানিতে সমপরিমাণ লেবুর রস বা ভিনেগার মিশিয়ে পানিকে এসিডিও করে তা দিয়ে ধোওয়া যায়।

  • সবশেষে, মানসিক আঘাত প্রতিহত করার ব্যবস্থা করতে হবে।


অজ্ঞান হয়ে গেলে –

  • অবশ্যই ABC পরীক্ষা করতে হবে ও সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে (পূর্বের পোস্ট দ্রঃ http://iferi.com/blog/2013/08/first-aid-1/)।

  • সাধারণত কোন কারণে হঠাৎ মাথায় রক্ত সঞ্চালন কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যায়। তাই অজ্ঞান হলে মাথায় রক্ত সঞ্চালন বাড়াতে হবে। রোগীকে সোজা করে শোওয়ায়ে দিতে হবে, পায়ের নিচে কিছু দিয়ে পা খানিকটা উঁচাতে রাখতে হবে। তাতে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে।

  • পর্যাপ্ত বাতাস যেন গায়ে লাগে সে ব্যবস্থা করতে হবে; গলা, কোমর ও বুকের কাপড় আলগা করে দিতে হবে; সম্ভব হলে বাতাস করার ব্যবস্থা করতে হবে।

  • ভিজা কাপড় দিয়ে রোগীর মুখ, ঘাড় ও কান মুছে দিতে হবে। জ্ঞান ফিরলে অল্প অল্প করে পানি খেতে দিতে হবে।


বৈদ্যুতিক শক লাগলে –

[caption id="attachment_251" align="alignleft" width="140"]Precautions of rescuing an Electric Shock victim, Photo Courtesy: www.ars.usda.gov Precautions of rescuing an Electric Shock victim, Photo Courtesy: www.ars.usda.gov[/caption]

  • প্রথমেই ব্যক্তিকে উদ্ধার করতে হবে। যেকোনো মূল্যে ব্যক্তি ও বিদ্যুৎ আলাদা করতে হবে। সুইচ থাকলে অফ করে দিতে হবে, প্লাগ থাকলে খুলে ফেলতে হবে, কিছু না থাকলে তার যদি কাটা সম্ভব হয় তবে তা করতে হবে। সাবধান, ছুরি, কাঁচি বা ধাতব কিছু দিয়ে তার কাটা যাবে না, তাতে নিজেই বৈদত্যতিক লাইনের সাথে চিপকায়ে যাবেন। আর কিছুই না থাকলে একটা শুকনা বাঁশ, কাঠ বা লাঠি দিয়ে ধাক্কা মেরে ব্যক্তিকে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করতে হবে। ভালভাবে নিশ্চিত হন যে বিপদ কেটে গেছে। উচ্চ ভোল্টেজ হলে অনেক সময় সুইচ বন্ধ করলেও স্পার্ক হয়।

  • উদ্ধারের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাবার স্যান্ডেল/জুতা পরতে হবে, পারলে রাবার গ্লাভও। কোনক্রমেই ভিজা অবস্থায় উদ্ধারকাজ করা যাবে না।

  • উচ্চ ভোল্টের বৈদ্যুতিক শক লাগলে অনেক সময়েই শ্বাস-প্রশ্বাস ও হৃদযন্ত্র/হার্ট বন্ধ হয়ে যায়। উদ্ধার সম্পন্ন হলে রোগীর শ্বাস ও পালস পরীক্ষা করতে হবে। পালস পাওয়া না গেলে CPR আর শ্বাস বন্ধ হলে কৃত্রিম শ্বাসের ব্যবস্থা করতে হবে, সাহায্য আসা পর্যন্ত (এই দুইটি পদ্ধতি নিয়ে পোস্টের শেষে আলোচনা করা হয়েছে)।

  • পুড়ে গেলে তার প্রতিবিধান দিতে হবে, মানসিক আঘাত প্রতিহতের ব্যবস্থা করতে হবে।


 

হার্ট অ্যাটাক –

  • লক্ষণ দেখে বোঝার চেষ্টা করেন এটা হার্ট অ্যাটাক কিনা। বুকে চাপ বাড়বে ও প্রচণ্ড ব্যাথা হবে, শরীর শক্ত হয়ে যাবে, প্রচণ্ড ঘামবে ও অস্থিরতা প্রকাশ পাবে, শ্বাস অনেক দ্রুত হয়ে যাবে।

  • হার্ট অ্যাটাকে সাধারণভাবে সাহায্য পৌঁছানো পর্যন্ত বেশি করার থাকে না। অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির যতটা সম্ভব শান্ত রাখতে হবে, আরামের ব্যবস্থা করতে হবে, গলা ও কোমরের কাপড় আলগা করে দিতে হবে।

  • রোগী অজ্ঞান হয়ে গেলে আর হার্ট বন্ধ হয়ে গেলে CPR  এর ব্যবস্থা করতে হবে।


এজমা অ্যাটাক –

  • যত দ্রুত সম্ভব রোগীর inhaler তার হাতের কাছে পৌঁছাতে হবে। রোগীর কাছে inhaler থাকলে এবং সে বলতে পারলে সবচেয়ে ভাল। না থাকলে আশেপাশে জিজ্ঞেস করে দেখেন কারো কাছে inhaler আছে কিনা।

  • রোগীকে যতটা সম্ভব আরামদায়ক অবস্থায় সোজা করে বসানোর ব্যবস্থা করতে হবে।

  • রোগীর সাথে থেকে তাকে বারবার আশ্বস্ত করতে হবে। রোগীর মানসিক স্থিতি আর পরিস্থিতি এই অবস্থায় অনেক বড় ভূমিকা রাখে।


ডুবে গেলে -

  • কখনো পরিস্থিতি না বুঝে হিরো সেজে ডুবন্ত মানুষকে বাঁচাতে পানিতে লাফ দিবেন না। ডুবন্ত মানুষ হাতের কাছে যা পাবে তাই আঁকড়ে ধরে উপরে উঠতে চাবে। নিজের সাঁতারের দক্ষতা, ডুবন্ত ব্যক্তির ওজন, পানির অবস্থা, আশপাশে সাহায্য আছে কিনা সব বুঝে যদি মনে করেন উদ্ধার করতে পারবেন এগিয়ে যান।

  • পানি থেকে উঠিয়েই ABC পরীক্ষা করেন। মুখ নাক পরিষ্কার করেন, বাতাসের রাস্তা খোলার ব্যবস্থা করেন। পালস পরীক্ষা করেন, হার্ট বন্ধ হলে CPR দেন।

  •  ফুসফুসে পানি ঢুকে থাকলে আর রোগী অচেতন থাকলে পানি বের করার ব্যবস্থা করতে হবে।  Schafer's Method ব্যবহার করে সাধারণত ফুসফুসের পানি বের করা হয়। এটা মূলত কৃত্রিম শ্বাসের একটি পদ্ধতি, কিন্তু ফুসফুসের পানি বের করতেও অতি প্রচলিত। পোস্টের শেষে এর বর্ণনা দেয়া হয়েছে।


 

[caption id="attachment_254" align="alignleft" width="165"]Artificial Breathing, Photo Courtesy: www.josuenieves.hubpages.com Artificial Breathing, Photo Courtesy: www.josuenieves.hubpages.com[/caption]

Last but not the least.

কৃত্রিম শ্বাস-প্রশ্বাস পদ্ধতি – দুর্ঘটনায় বিভিন্ন কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হতে পারে, আর রোগীর শ্বাস বন্ধ হয়ে গেলে রোগীকে কয়েক মিনিটের বেশি বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই রোগীর শ্বাস স্বাভাবিক করতে কৃত্রিমভাবে শ্বাস দেয়া হয়। যতক্ষণ না শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে ততক্ষন কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চালিয়ে যেতে হয়। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের অনেকগুলো পদ্ধতি আছে। তবে মাউথ টু মাউথ এদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। এর কারণ – একসাথে অনেক বাতাস ফুসফুসে প্রবেশ করে, প্রয়োগ অনেক সহজ এবং পরিশ্রম কম।

মাউথ টু মাউথ –

  • রোগীর নাকে মুখে ময়লা থাকলে পরিষ্কার করে নেন, বাতাসের পথে ময়লা আবর্জনা আছে কিনা পরীক্ষা করে নেন।

  • রোগীকে চিত করে শোওয়ান। চিবুক ধরে মাথা পিছনের দিকে কাত করান (যেন চিবুক উপরের দিকে থাকে), এতে বাতাসের পথ পরিষ্কার হয়। দরকার হলে ঘাড়ের নিচে এক টুকরা কাপড় বা নরম কিছু দেন।

  • এক হাতে রোগীর মাথা চেপে ধরেন আর আঙ্গুল দিয়ে নাক বন্ধ করে ফেলেন। অন্য হাতে রোগীর মুখ ফাঁক করেন। নিজে যত বাতাস নিতে পারেন ফুসফুসে নিয়ে রোগীর মুখের ভিতর স্বাভাবিকভাবে প্রবেশ করান। খেয়াল রাখতে হবে যেন বাতাস বাইরে বের না হয় এবং রোগীর ফুসফুসে যায়। যখন রোগীর বুক ফুলে উঠবে তখন ছেড়ে দিতে হবে যেন বাতাস বের হয়ে যায়। এভাবে মিনিটে ২০-২৫ বার পুনরাবৃত্তি করতে হবে, যতক্ষণ না সাহায্য আসে।


Schafer's Method - এটি কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য ব্যবহৃত আরেকটি প্রচলিত পদ্ধতি। সাধারণত কোন কারণে মাউথ টু মাউথ দেয়া সম্ভব না হলে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এছাড়া পূর্বে উল্লেখ করা হয়েছে, ফুসফুস থেকে পানি বের করতেও এই পদ্ধতি ব্যবহৃত হয়।

  • রোগীকে উপুড় করে শোওয়ায়ে হাত দুটো ভাঁজ করে মাথার উপরে ছড়িয়ে দেন।

  • মাথা যেকোনো একদিকে কাত করে দেন যেন শ্বাস নিতে সমস্যা না হয়।

  • এরপর রোগীর মাথার দিকে মুখ করে শরীরের এক পাশে হাঁটু গেঁড়ে অথবা পা দুই পাশে ছড়িয়ে দিয়ে উপরে বসেন।

  • দুই হাত দিয়ে কোমরের দুই পাশে ধরেন যেন বুড়া আঙ্গুল দুটা সামনের দিকে আর বাকি আঙ্গুলগুলা শরীরের দুই পাশে থাকে। হাত এবং কনুই সোজা থাকবে।

  • এবার হাত না বাঁকিয়ে হাল্কা করে সামনের ঝুকে চাপ দেন।  এই চাপে পেটের সকল অংশে চাপ পড়বে এবং ফুসফুসে পানি থাকলে তা বের হওয়া শুরু করবে। চাপ প্রয়োগ ২ সেকেন্ড, সরানো ৩ সেকেন্ড, মোট ৫ সেকেন্ডের কাজটি বারবার করতে হবে, যতক্ষণ না ফুসফুসের পানি বের হয়ে যায় আর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়।


[caption id="attachment_260" align="aligncenter" width="220"]Schafer's Method for pushing water out of lungs, Photo Credit: www.wikisource.org Schafer's Method for pushing water out of lungs, Photo Credit: www.wikisource.org[/caption]

CPR – বিশ্বাস করেন, Cardiopulmonary Resuscitation বললে সবাই হা হয়ে আপনার দিকে তাকায়ে থাকবে, তাই ভাল হয় CPR ই বলেন। হার্ট বন্ধ হলে CPR একমাত্র First Aid । যদিও ডাক্তারেরও খুব বেশি কিছু করার থাকে না, একটা বড় মেশিনে চার্জ করে ইলেকট্রিক শক মেরে হার্ট পুনরায় চালানোর চেষ্টা করা হয়। বাকি মালিকের ইচ্ছা, হায়াত থাকলে চলে, না থাকলে উসপার!

পদ্ধতি –

  • রোগীকে চিত করে শোওয়ায়ে দেন, যতটা সোজা আর সমান করে শোওয়ানো যায়। নাহলে পিঠে ব্যাথা পাওয়ার সম্ভবনা থাকে। নিজে পাশে গিয়ে বসেন।

  • এক হাতের তালু বুকের হাড়ের উপরে দুই নিপলের মাঝখানে রাখেন। অপর হাতটি এই হাতের উপর রাখেন। পারলে উপরের হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের সাথে পেঁচিয়ে ফেলেন।

  • সোজা ও শক্ত হয়ে এমনভাবে বসেন যেন আপনার শরীর আপনার হাত দুটোর উপর থাকে এবং আপনি চাপ প্রয়োগ করতে পারেন।

  • বুকের ঠিক মাঝখানে হাড়ের উপর চাপ দেন। এই চাপকে CPR এর ভাষায় compression বলে। চাপে বুক আনুমানিক ২ ইঞ্চি নেমে আসবে। কম চাপ পড়লে কোন কাজে লাগবে না, বেশি চাপ পড়লে হাড়ে ফাটলের সম্ভবনা। এভাবে ৩০টা compression দেন। গতি এমন হবে যেন ৩০ টা দিতে ১৫-২০ সেকেন্ড লাগে।

  • ৩০ টা দিয়ে কয়েক সেকেন্ড বিরতি দেন, তারপর আবার ৩০ টা দেন। এভাবে অন্তত ২ মিনিট দিতে থাকেন, তারপর দেখেন পালস পান কিনা। না পেলে আবার শুরু করেন।


[caption id="attachment_253" align="aligncenter" width="252"]CPR, Photo Courtesy: www.medstorerx.com CPR, Photo Courtesy: www.medstorerx.com[/caption]

পূর্বে কৃত্রিম শ্বাস CPR এর একটা অংশ ছিল, ৫ রাউণ্ড compression দিয়ে ২ টা মাউথ টু মাউথ কৃত্রিম শ্বাস দেয়া হত। কিন্তু ২০১০ সালে আমেরিকান মেডিকাল এসোসিয়াশান জানাল শুধু compression দিলেই হয়, গতানুগতিক পদ্ধতিতে কৃত্রিম শ্বাস না দিলেও চলে। যদি একান্তই দিতে হয় তাহলে দিতে পারেন।

Saturday, September 7, 2013

ঢাকা শহরে ভালো কিছু খেলার মাঠ

[caption id="attachment_381" align="aligncenter" width="507"]ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com[/caption]

ইট-পাথরে ঠাঁসা ঢাকা শহরে প্রতিদিন নতুন হাজারো মানুষের ভিড়ে যখন দম ফেলার জায়গাটুকু পাওয়া যায় না, তখন খেলাধুলার ভালো একটা মাঠ বলতে উচ্চাভিলাষ ছাড়া আর কিছুই মনে হয় না। অফিস-আদালত কিবা আকাশ ছোঁয়া এপার্টমেন্ট পল্লীতে একটু মাথা গোঁজার চিন্তা, এসবের মাঝে হারিয়ে যাচ্ছে সাধারন মানুষের নির্মল বিনোদনের জন্য খেলার মাঠ। আবার সব মাঠ জনসাধারনের জন্য উন্মুক্ত নয়, সব মাঠে খেলাধুলার অবস্থাও নেই কিংবা সব মাঠ খেলার মাঠ নয় –অনেক পতিত জমিও আছে। তবুও এত কিছু সত্বেও এখনো খুঁজলে পাওয়া যাবে জনসাধারনের জন্য উন্মুক্ত বেশ কিছু ভালো খেলাধুলার মাঠ।  ঢাকা শহরের তরুন প্রজন্ম, যারা মাঠ নেই বলে অল্প বয়সেই মোটা চশমা লাগিয়ে কম্পিউটার এর সামনে বসে রয়েছেন; অথবা যারা সন্তানের খেলাধুলা, শারিরীক ও মানসিক গঠন সহ সুস্থ সুন্দর জীবন-যাপন নিয়ে উদ্বিগ্ন তাদের জন্যে আমরা আজকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিছু খেলাধুলার ভালো মাঠ খুঁজে বের করবঃ

খিলগাঁওঃ

খিলগাঁও এলাকায় বেশ কিছু ভালো খেলার মাঠ আছে। খিলগাঁওগভঃস্কুলএরমাঠটাই সবচেয়ে ভালো। ভিটে বালি সম্বলিত এই মাঠ আনুমানিক ৭০×৫০ মিঃ। স্কুলের মালিকানাধীন মাঠটি জনসাধারনের জন্য উন্মুক্তও। খিলগাঁও গভঃ স্কুলের নিকটবর্তী আরেকটি ভালো মাঠ এলাকায় বালুর মাঠ নামে পরিচিত। আনুমানিক ৯০×৪০ মিঃ । পুরো মাঠটাই বালির বলে কাদা কম হয়। খিলগাঁও রেলগেট থেকে তালতলা যেতেই পড়বে জোড় পুকুর মাঠ যা আনুমানিক ৬০×৩০ মিঃ। সিটি কর্পোরেশনের আওতাধীন এ মাঠটিও বেশ ভালো।

 বাসাবোঃ

আমাদের জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার আশরাফুলের শৈশবের মাঠ বাসাবো বালুর মাঠের আয়তন আনুমানিক ৮০×৫০ মিঃ। মাঠের একপাশে রয়েছে তরুণ সংঘ ক্লাবঘর। বাসাবো আহাম্মদবাগ এলাকায় রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ। এলাকায় সালাম ডেইরীর মাঠ নামে পরিচিত মাঠটি আনুমানিক ১০০×৭০ মিঃ আয়তন বিশিষ্ট। মাঠের কোন সীমানা চিহ্নিত নেই।

শাহজাহানপুরঃ

মতিঝিল গভঃ বয়েজ স্কুলের মাঠটি খেলাধুলার জন্য সত্যিই অসাধারন। শাহজাহানপুর মোড় এর সাথেই এই মাঠের আয়তন আনুমানিক ১০০×৫০ মিঃ। ফুটবল খেলার জন্যে এই মাঠটি বেশ চমৎকার হলেও এলাকাবাসী এটি ব্যবহার করে সব ধরণের খেলাধুলার জন্যই। শাহজাহানপুর বেনজীর বাগান এলাকায় রেলওয়ে স্কুলের মাঠ মাঝারি আকৃতির ঘাসের মাঠ। খিলগাঁও বাজার সংলগ্ন শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠটি লম্বাকৃতির, আয়তন আনুমানিক ৮০×৩০ মিঃ। শাহজাহানপুর এ.জি.বি. কলোনীতে ঈদগাহ্‌ মাঠটিও বেশ ভালো গোলাকৃতির মাঠ।

মগবাজারঃ

টিএন্ডটি অফিসের সামনে লালমাটি বিশিষ্ট টিএন্ডটি মাঠ আনুমানিক আয়তনে ৯০×৬০ মিঃ। নয়াটোলার পরে মধুবাগ মাঠটিও  মগবাজার এলাকার উল্ল্যেখযোগ্য একটি মাঠ।

আরামবাগ-মতিঝিল-কমলাপুরঃ

টিএন্ডটি কলোনী স্কুলের মাঠের আয়তন ৫০×৩০ মিঃ। তবে আরামবাগ ব্রাদার্স ক্লাবের মাঠটিই অত্র এলাকার সবচেয়ে ভালো খেলার মাঠ। মধুমিতা সিনেমা হলের পিছনে এ মাঠটি ক্লাবের মালিকানাধীন হলেও প্রায়শই এলাকাবাসী খেলাধুলার কাজে ব্যবহার করে। কমলাপুরে শেরে বাংলা স্কুলের মাঠটি অনেক ছোট, আনুমানিক ৪০×২০ মিঃ হলেও প্রতিদিন অনেকেই খেলতে এখানে জড়ো হয়।

[caption id="attachment_375" align="aligncenter" width="379"]আরামবাগ বালুর মাঠ, ফটো কার্টেসিঃ daily-sun.com আরামবাগ বালুর মাঠ, ফটো কার্টেসিঃ daily-sun.com[/caption]

রামপুরা-তেজগাঁওঃ

অত্র এলাকায় অনেক খোলা জায়গা থাকলেও খেলার মাঠ বলতে যা বুঝায় সেরকম মাঠ খুবই কম। বিভিন্ন আবাসিক প্রজেক্টের ফাঁকা জায়গায়ই মূলত খেলাধুলা হয়। তবে হাজীপাড়া মাঠটি খেলাধুলার জন্য বেশ উপযোগী, বেশ বড়। তেজগাঁওয়ে কিছু খেলার মাঠ থাকলেও তা জন-সাধারনের জন্য উন্মুক্ত নয়। তবে ত্রিভূজাকৃতির তেজকুনীপাড়া মাঠটি ছোট হলেও ( আনুমানিক ৫০×৩০ মিঃ) খেলার জন্য মন্দ নয়।

পুরান ঢাকাঃ

[caption id="attachment_376" align="aligncenter" width="435"]ধুপখোলা মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com ধুপখোলা মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com[/caption]

পুরান ঢাকায় খেলাধুলার মাঠের নিদারুণ অভাব এলাকাবাসীকে দারুণ ভাবায়। এর মধ্যেও কয়েকটি মাঠ উল্ল্যেখ করার মত। যেমনঃ ধুপখোলা মাঠ অনেকেরই খেলাধুলার

[caption id="attachment_377" align="alignright" width="261"]রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাব মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাব মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com[/caption]

অতি প্রিয় জায়গা। তিনটি মাঠ একসাথে মিলে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠ + এলাকার মাঠ + ইস্ট এন্ড ক্লাবের মাঠ) ধুপখোলা মাঠ একটি সুবিশাল মাঠ। তবে বর্তমানে ফ্লাই

ওভারের মত বিভিন্ন নির্মাণ প্রকল্পের কারনে মাঠের হাল-হকিকত বিশেষ সুবিধার নয়। আগা সাদেক রোড এর পাকিস্তান মাঠ এর নামডাক অনেক শোনা যায়। তবে মাঠের আকারটিকে আপনি আয়তাকার-বর্গাকার জাতীয় আকারে ফেলতে পারবেন না। এছাড়াও কোম্পানীগঞ্জে সি.এম.বি. মোড়ের খোকা মাঠের কথাও বলতে হয়। আকারে একটু ছোট, বালির মাঠ। বাবুবাজারের পাশে রহমতগঞ্জে আছে রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি ক্লাব মাঠ,  ঘাসহীন বালুর এ মাঠ রহমতগঞ্জ এলাকার তরুণদের প্রাণের মাঠ। ক্লাবের তত্বাবধানে এ দেশের বহু কৃতি ফুটবলারের জন্ম এ মাঠেই। লালবাগের কাছাকাছি ঢাকেশ্বরী মন্দিরের পাশেও জন-সাধারনের খেলার উপযুক্ত বেশ ভালো আরেকটি মাঠ আছে। মাঠের সাথেই শাহ সৈয়দ মিসকিন আশরাফ জামে মসজিদ। বকশীবাজার রোড এ চকবাজার মডেল থানার ঠিক পাশেই বকশীবাজার খেলার মাঠটিও বেশ বড়। অনেক আগের এ মাঠটিতে আলিয়া মাদ্রাসা এবং নবকুমার ইন্সটিটিউশনের ছাত্রদের পাশাপাশি এলাকার সব বয়সের মানুষের সমাগম ঘটে।

[caption id="attachment_379" align="aligncenter" width="435"]বকশীবাজার মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com বকশীবাজার মাঠ, ফটো কার্টেসিঃ kalerkontho.com[/caption]

আজিমপুরঃ

আজিমপুরের ২৭ নাম্বারের মাঠটি এলাকার সবচেয়ে ভালো মাঠ। আজিমপুর শাপরা মসজিদের পার্শ্ববর্তী এ মাঠে প্রতিদিন অনেকেই খেলতে আসে। তাছাড়াও আজিমপুরে চায়না বিল্ডিং এর সাথে রয়েছে আরেকটি মাঠ যার আয়তন আনুমানিক ৮০×৮০ মিঃ।

ধানমন্ডিঃ

[caption id="attachment_378" align="alignleft" width="192"]আবাহনী মাঠ, ফটো কার্টেসিঃ banglanews24.com আবাহনী মাঠ, ফটো কার্টেসিঃ banglanews24.com[/caption]

আবাহনী ক্লাবের মাঠ ধানমন্ডি এলাকায় সবচেয়ে বড় মাঠ। আনুমানিক প্রায় ২০০×১৫০ মিঃ আয়তনের এই ঘাসের মাঠে অন্যান্য এলাকার অনেক মানুষও খেলতে আসে। এমনকি মাঠের উপযোগীতার কারনে অনেক আন্তর্জাতিক মানের প্রতিযোগীতামূলক খেলাও এ মাঠে হয়। কলাবাগান স্পোর্টিং ক্লাবের মাঠ  তেমনভাবে সবার জন্য উন্মুক্তও না হলেও প্রায়শই এলাকার বিভিন্ন বয়সের মানুষ্কে খেলতে দেখা যায়। প্রায় বর্গাকৃতির ঘাসের এ মাঠটিও খেলার উপযোগীতার দিক থেকে এক কথায় চমৎকার। ধানমন্ডি জিগাতলার পাশে হাজারিবাগে হাজারীবাগ পার্ক সংলগ্ন মাঠটি বহু আগের, বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত এ মাঠটিই হাজারীবাগ এলাকার একমাত্র মাঠ হলেও মাঠের অবস্থা বিশেষ ভালো নয়।

 

 

মোহাম্মদপুরঃ

মোহাম্মদপুরের নূরজাহান রোড এ সোনালী সংঘ মাঠ খেলার সুন্দর জায়গা। মাঠের সার্বিক তত্বাবধানে আছে এলাকার সোনালী সংঘ। বালুর মাঠ, মাঠের চারপাশে বেঞ্চে বসার ব্যবস্থা আছে। দু-তিনটা লাইটের সাহায্যে রাতের বেলা এ মাঠে শর্ট পিচ ক্রিকেট খেলাও বেশ জমে। সোনালী সংঘ মাঠের এক পাশে র‍্যাব-২ এর কার্যালয়। তবে শলিমুল্মাহ রোড এর কবরস্থান মাঠকেই বলা যেত মোহাম্মদপুরের সবচেয়ে ভালো খেলার মাঠ যেখানে এখন জনসাধারনকে খেলতে দেখা যায় না বা দেয়া হয় না।  মোয়াহাম্মদপুর টাউন হল মালিক সমিতির তত্বাবধানে শহীদ পার্ক খেলার মাঠও বেশ বড়। মাঠের মাঝখানে ক্রিকেট পিচটা ভালোই, আবার চারপাশে টাউন হল মার্কেট আর মসজিদের বিশাল দেয়ালের কারনে বলও মাঠের বাইরে সাধারনত যায় না। মোহাম্মদপুরের ইকবাল রোডে স্ট্রাইকার্স মাঠের কন্ডিশন বেশ ভালো। মাঠের পাশেই নতুন লন টেনিসের কোর্ট করা হয়েছে যাতে আজকাল দিনরাত লন টেনিস খেলা হচ্ছে। ইকবাল রোডের উদয় চল মাঠের অবস্থাও চমৎকার, পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো। তবে  উদয় চল সংঘের ক্রীড়ামোদীরাই কেবল ঐ মাঠে খেলতে পারে।

মিরপুরঃ

মিরপুরের মিরপুর বাংলা কলেজ মাঠ এলাকায় খেলাধুলার জন্য একটি নিয়মিত জায়গা। মাটি আর ঘাসের মিশ্রনে মাঠটির আয়তন আনুমানিক ১০০×৭০ মিঃ। তবে কলেজের বিভিন্ন প্রকার ঝামেলা এড়িয়ে চলতে চাইলে অন্যান্য আরো অনেক মাঠ আছে মিরপুরে। মিরপুর সাড়ে এগারোতে সিটি ক্লাব মাঠটি অসাধারন। ঘাসের এই মাঠটিতে এমনকি বিভিন্ন প্রতিযোগীতামূলক খেলাও নিয়মিত আয়োজন করা হয়। শাহ আলী থানার সামনে কাজীপুরি মাঠে কিংবা ন্যাশনাল স্কুলের মাঠেও অনেকেই খেলাধুলা করে। এছাড়া চিড়িয়াখানা রোডে আগোরা শপিং মলের সামনেই ঘাসবিহীন মাটির ঈদগাহ্‌ মাঠেও খেলা ভালোই জমে। মিরপুর এলাকার জন্য পাশের গাবতলীতে গোল্লার টেক মাঠের কথাও উল্ল্যেখ করতে হয়।

যতগুলো মাঠের আকার দেয়া হয়েছে সবগুলো আকারের আগেই লিখে দেয়া হয়েছে আনুমানিক, যা লেখকের চোখের অনুমান ছাড়া আর কিছুই নয়। এসব এলাকায় শুধু এই মাঠগুলোই নয়, বরং আরো অনেক মাঠ রয়েছে। তবে জনসাধারনের জন্য খেলার মাঠ হিসেবে এই মাঠগুলোই সবচেয়ে উপযুক্ত। তার পাশাপাশি ঢাকা শহরে এখনো কিছু খোলা জায়গায় অনেকেই খেলাধুলায় মেতে উঠে। তাই ইট পাথরের কঠিন যান্ত্রিক মানুষটাকে ছুড়ে ফেলে আপনি ভেতরের প্রাণোচ্ছল মানুষটাকে নিয়ে খেলাধুলায় মেতে উঠতেই পারেন এখন।

Wednesday, September 4, 2013

হ্যাপি ব্লগিং:যেভাবে শুরু

ব্লগ কী সেটাই জানতাম না। খুব বেশি দিন আগের কথা না কিন্তু। এই তো ২০০৬-০৭ সালের দিকের কথা। বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেটের কানেকশন নেয়া হয়েছে মাত্র। স্পিড সেকেন্ডে কয়েক বিট। তাও ডায়াল আপের চেয়ে ভালো। বড় আপুদের সাথে আমার সব সময়েই সুসম্পর্ক। সেই বাল্যকাল থেকেই। এক বড় আপুর সাথে ইয়াহু চ্যাটে কথা হতো। যখনই জিজ্ঞেস করতাম ‘আপু কী করেন?’ আপুর একটাই উত্তর, ‘ব্লগ লিখি’। আমি হালা বুঝি না ব্লগ কী! আপু আবার আর্কিটেকচারের স্টুডেন্ট তখন।  ভাবতাম, বোধহয় আর্কিটেকচারের কোনো বিশেষ কাজ-টাজ হবে। পার্ট নিয়ে খুব মাথা নাড়তাম অ্যাজ ইফ খুব বুঝতেসি ব্লগ।

দিন বদলাইলো। এক সময় বাসায় ১৯৬ কেবিপিএসের নেট কানেকশন লাগলো। ধুন্ধুমার স্পিড। বড়ভাই তখন সামহোয়ার ইনে চাকরিতে ঢুকেছে। তার কাছ থেকে জানতে পারলাম ব্লগ কী জিনিস। আমি তো মেলা খুশি। আর আবজাব কথাবার্তা লিখলেই তো ব্লগ হয়া যায়। ইংরেজিতেও লেখা লাগে না, বাংলায় লিখলেই হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমল তখন। আর্মির প্রতি মেলা ক্ষোভ জমা হয়েছে মনে। ক্ষোভ ঝাড়ার জায়গা নাই। ভাবলাম ব্লগে অ্যাকাউন্ট খুলে বসি। যেই কথা সেই কাজ। ২০০৮ এর জানুয়ারি মাসে খুব গালভরা একটা নিকনেইম নিয়ে অ্যাকাউন্ট খুললাম। তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনীর গুষ্টি উদ্ধার করে ব্লগে লেখা শুরু করলাম। দিনের পর দিন লিখি কিন্তু লেখা প্রথম পাতায় আসে না, সেই লেখা কেউ পড়েও না। মেজাজ খুব খারাপ। সকলের জ্ঞাতার্থে বলি। কমিনিটি ব্লগ যাকে অনেকে ফোরাম বলে থাকেন, সেখানে নতুন অ্যাকাউন্ট খুললেই প্রথম প্রথম তার লেখা সবাই পড়তে পারে না। তাকে কিছুদিন ওয়াচে রাখা হয়। এরপর সে ভয়ংকর বাজে কিংবা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা লিখে না সেইটা প্রমাণ হলেই তাকে প্রথম পাতায় একসেস দেয়া হয়। যা বলছিলাম, মেজাজ খারাপ। খবর নিয়ে জানতে পারলাম আমার নামে নাকি আরেকজন ব্লগার আছে যে উল্টা-পাল্টা লেখা লিখে কুখ্যাত। তার কারণে আমাকেও ওয়াচ থেকে সরানো হচ্ছে না। এতই মেজাজ গরম হলো যে দিলাম অ্যাকাউন্ট বন্ধ করে। লিখবই না ব্লগে।

না লিখে শেষ পর্যন্ত থাকতে পারি নি। ২০০৯ সালের শুরুতে আবার অ্যাকাউন্ট খুলে লেখা শুরু করলাম। ততদিনে তত্ত্বাবধায়ক সরকার থেকে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় চলে এসেছে এবং আর্মির প্রতি রাগ ট্রান্সফার হয়েছে রাজনৈতিক দলে। শুরু করলাম রাজনৈতিক দলের গুন্ডামী-মাস্তানী-দুর্নীতি নিয়ে লেখা। রাজনৈতিক লেখা লিখেই আরাম পাই। ভাবটা এমন যেন আমি লিখলেই সব ঠিক হয়ে যাবে। লিখতে আবার খুব কষ্ট হয়। বাংলা টাইপ করতে পারি না। অভ্র দিয়ে ১০ টা শব্দ লিখতে দুই ঘন্টা লেগে যায়। তাও হাল ছাড়ি না। আরে, ইচ্ছা মতো যা খুশি তাই লেখার স্বাধীনতা আর কে দিবে? সহব্লগারদের কমেন্ট পাওয়ার আশায় শুধু লিখি আর লিখি। শুধু রাজনৈতিক না, বাস্তব অভিজ্ঞতা, মুভি রিভিউ সব লিখি। শিক্ষাবিজ্ঞানের ছাত্র হওয়ার কারণে শিক্ষা নিয়ে গালভরা লেখাও লিখেছি কিছু।

এভাবে সামহোয়ার ইন ব্লগে লিখতে লিখতে এক সময় আবিষ্কার করলাম বন্ধু প্রতীম অনেক ব্লগার ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন। অনেকে পেশাগত জীবনের ব্যস্ততা, কেউ আবার ব্লগের পরিবেশ নিয়ে হতাশা থেকে ব্লগ ছাড়লেন। কমিউনিটি ব্লগে লিখে অন্য ব্লগারদের সাথে যোগাযোগ রাখার মজাটা হারিয়ে ফেললাম। লেখালেখি বন্ধ হয়ে গেল। এর মধ্যে ফেসবুকে বসার হার গেল বেড়ে। ফেসবুকে আগে স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে শব্দসীমা ছিল। খুব বড় স্ট্যাটাস লেখা যেত না। কিন্তু মাইক্রো ব্লগিংকে প্রোমোট করার জন্যই বোধহয় ফেসবুক কর্তৃপক্ষ সেই শব্দসীমা এতটাই বৃদ্ধি করে যে সেখানে উপন্যাস লেখার অবস্থা তৈরি হয়। পরে ফেসবুকে সামহোয়ারের অনেক ব্লগারকেই খুঁজে পেলাম যারা ব্লগিং করছেন স্ট্যাটাস পোস্টের মাধ্যমে। ততদিনে এক-দুই বাক্যে স্ট্যাটাস দেয়ার দিন পার হয়ে যাচ্ছে। সবাই বড় বড় স্ট্যাটাস দিয়ে মাইক্রো ব্লগিং করে। আমিও সেই পথ অনুসরণ করলাম। ব্লগসাইটের পরিবর্তে ফেসবুকে এক ধরণের ব্লগিং শুরু করলাম। এভাবে ফেসবুক ব্লগসাইটগুলোর ভাত মারা শুরু করলো। কিন্তু সত্যি কথা বলতে কি, কমিউনিটি ব্লগে লেখার পিওর টেস্ট ফেসবুকে পাওয়া যায় না। ফেসবুকে লেখলে যেটা হয় আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সাথে লেখা শেয়ার করা যায়, তাদের মতামত জানা যায়। কিন্তু, ব্লগে লেখার টান টান উত্তেজনা এখানে নেই। তাও লেখার একটা প্ল্যাটফর্ম পাওয়া বড় ব্যাপার। ফেসবুক যেভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে, ওখানে না লিখে উপায়ও নেই।

আর ব্লগ লেখার সূত্রে ভাই-বেরাদারদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। গাঁজাখুরি লিখি অনেক, কিন্তু তারা ভালোবেসে লেখা দিতে বলে। লিখে যাই। ভালো লাগে। মনের কথা সহজে বাংলা ভাষায় লিখে সবাইকে জানানোর যে আনন্দ সে আনন্দ আর কোথায় পাওয়া যায়, বলুন?

জল ও জঙ্গলের 'ছবিতা'

হারিয়ে যাবার আগেই যারা আরো কিছুদিন ছুঁয়ে দেখতে চান অনাবিল সবুজ, মাছের দেখা নাই তবু বড়শি হাতে বসে থাকতে চান নিস্তরঙ্গ দুপুরে তাদের জন্য অপেক্ষায় আছে 'জল ও জঙ্গলের কাব্য' ।এক নিভৃতচারী মানুষের স্বপ্নসাধ বলা যায় এই আয়োজন, ঢাকার অদূরে পূবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে উঠেছে একটুকরো গ্রাম। বাঁশ আর পাটখড়ির বেড়া ,উপরে ছনের ছাউনি, সামনে দিগন্ত বিস্তৃত জলের নাচন।

সূর্য ডুবুডুবু এমন সময় সেখানে পৌঁছে হাতে পেয়ে যায় পেঁয়াজু -বেগুনী সাথে পুটি মাছ ভাজা । ঝাপিয়ে পড়ে নিমিষেই নাই হয়ে গেল সব। আঁধারের তারা জ্বলা রাতে সবাই  মিলে বেড়িয়ে পড়লাম নৌকা নিয়ে বিলের মাঝে, হেরে গলায় গান সাথে শাপলা শলুকের উঁকিঝুকি । ফিরে আসতে না আসতে দেখি বারবিকিউ হচ্ছে মাছ আর মুরগীর । ঠিক গ্রামের সাথে না গেলেও শহুরে মানুষের হালজমানার ফ্যাশন এই বারবিকিউ জিনিসটা খারাপনা, আগুনে মাছ মাংস ঝলসে যাচ্ছে আর একদল মানুষ অপেক্ষায় যেন কতদিন তারা না খেয়ে আছে B-)  !!! মাঝ রাতে শুনশান নিরবতায় শুধু দুজনে নৌকায় বসে থাকা, আলো আঁধারির মাঝে এদিক ওদিক হেঁটে বেড়ানো রোমান্টিক না হয়ে উপায় কি !!!

কার্ড খেলতে বসে কখন যে ভোরের আগমনী ধ্বনি এসে হাজির হল কেউ খেয়ালই করলোনা, একটু পিঠ লাগিয়ে নেয়া যাক  বৈকি !!! চেস্টা করেছিলাম , কিন্তু এক বন্ধুর বেঘোরে নাক ঢাকা শুনতে শুনতে ঘুম দেবতা পালাল, ঘুমদেবতার পলায়নের ফল যে এত সুন্দর হবে সেটা কল্পনাতেও ছিলনা, বন্ধুকে ক্ষমা করে দিলাম নিমিষেই । মায়াবী নীল ভোর ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সুবহে সাদিকের লাল আভায়, সূর্যি মামা একটু একটু করে উঁকি দিচ্ছে মেঘের কোল ঘেষে, একদল শালিক উড়ে এল ( ভাগ্য ভাল একদল, একটি আসলে মনে হত কপালে দুঃখ আছে, দুটি আসলে মনে হত না জানি কি ভাল হবে কে জানে !!) , ভাগ্য নিয়ে তাই আর চিন্তা করতে হলনা । এমন ভোর ক্যামেরার কি সাধ্য তাকে বন্দি করে রাখে, একে দেখতে হয়, ধরে রাখা যায়না ।

হঠাত অবাক করে দিয়ে কাজল কালো মেঘে ঢেকে গেল পুরো পৃথিবী !! বলতে না বলতেই হিমেল হাওয়ায় কাঁপন জড়ানো বৃষ্টি, উফ কতদিন এমন বৃষ্টি দেখিনি । এমন বৃষ্টির মাঝে নৌকা নিয়ে বিলের মাঝে- শৈশবে, হউকনা দাদা বাড়ি, এমনটা করার পারমিশন কেউ দিত বলে মনে হয়না , আজ তাই নেই মানা । এমন ঝুমবৃষ্টিতে শেষ কবে ভিজেছি মনে করতে পারছিনা ।

শরতের আকাশ, হঠাত করেই আবার নীল হয়ে উঠল, ঢেঁকি ছাটা চালের রুটি, চিতই পিঠা, লুচি (লিখতে লিখতে এখন আবার ক্ষিধে লেগে যাচ্ছে ) , সাথে লাইভ বাউল গান , ঘুরে আসতে পারেন যদি হারাতে চান , তবে বৃষ্টি না থাকলে আসলে পুরোপুরি উসুল হবেনা টিকেটের টাকা ;)

বিলের পানিতে দাপাদাপি শেষে আরেক দফা দাপাদাপি করার জন্য আছে বিশাল দীঘি, সাঁতার না জানলে লাইফ জ্যাকেটটা সাথে নিতে ভুলবেননা কিন্তু । মধ্য দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার না দেখলেও শহুরে তরুনির লাইফ জ্যাকেট গায়ে দিয়ে পানিতে ভেসে থাকার কসরত- দেখার জন্য মন্দ নয় B-)

অলস সময়ে পেয়ে যাবেন কাঁচা পেঁপের ভর্তা, আমড়া ভর্তা........চা কফি চালাতে পারেন আনলিমিটেড । কাঁঠালের বিচির ভর্তা, লতির সাথে কাঁঠালের বিচি, নানা রকম শাক, ভর্তা , ছোট মাছ, রুই মাছের ভাজা, চালতার টক ডাল,ইলিশের পাতুড়ি  ভাল না লাগলে ঝোল করে রাঁধা মুরগীতো আছেই । শুয়ে বসে কাটানোর জন্য অপেক্ষায় থাকা টংঘর গুলো তখন ডেকে নিবে ভাত ঘুমের জন্য..........

ভাদ্র মাসের তাল পাকা গরম, ফিরে আসার সময় তালের পিঠা যদি নাই খেলেন  গ্রামে ঘুরতে যাওয়া যে অপূর্ণই থেকে যাবে.............

রিসোর্টঃ জল জঙ্গলের কাব্য (পুবাইল)
যোগাযোগঃ 01919782245[gallery ids="314,315,316,317,318,319,320,321,322,323,324,325,326,327,328,329,330,331,332,333,334,335,336,337,338,339,340,341,342,343,344,345,346,347"]