Tuesday, December 10, 2013
জানান দিচ্ছে নন্দিগ্রাম লিরিকস - কবির সুমন
রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দিগ্রাম।
মাটির কসম মায়ের কসম মাটিই যাদের রক্ত-ঘাম
তারাই তোমার আমার স্বদেশ, তোমার আমার নন্দিগ্রাম
কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম ?
বিশেষ শিল্প-অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দিগ্রাম।
ইজ্জতটাই আসল কথা কিসের ডাইনে কিসের বাম
জমিই যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দিগ্রাম।
চাটুজ্যেটা কবির হল বদলে দিলাম আবার নাম
সবারই নাম বদলে গেল সবারই নাম নন্দিগ্রাম
জানান দিচ্ছে - নন্দিগ্রাম।
- কবির সুমন
যে দোয়াগুলো আমাদের নিরাপদ রাখতে পারে (Morning and Evening Protective Dua)

১. بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মায়া'সমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউ'ল আ'লিম)
অর্থঃ আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আকাশ ও পৃথিবীর কোনকিছুই কোন অনিষ্ট সাধন করতে পারেনা ; তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞানসম্পন্ন।
হযরত উসমান (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন, যে ব্যক্তি উপরের দোয়াটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়বে দুনিয়া ও আখিরাতের কোন কিছুই তাঁর কোন ক্ষতি করতে পারবে না।
২. حَسْبِىَ اللَّهُ لآ إلَهَ إلّا هُوَ، عَلَيْهَ ثَوَكَّلتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আ'লাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আ'যীম)
অর্থঃ আমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট যিনি ব্যতীত কোন উপাস্য নেই। আমি একমাত্র তাঁর উপরই ভরসা করলাম। আর তিনি আরশে আযিমের অধিকারী। (সুরা তাওবাহ ১২৯ নং আয়াত)
যে ব্যাক্তি প্রতি সকাল ও সন্ধ্যায় উপরের আয়াতটি সাতবার পড়বে দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। (আবু দাউদ)
৩. আবদুল্লাহ ইবনে খুবাইব (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় ও সকাল হয় তোমরা সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়বে, যা তোমাদের (বিপদাপদ ও ভয়ভীতি হতে মুক্তি লাভসহ) সবকিছুর জন্যই যথেষ্ট হবে।
হারপিং !!
কল্পনা করুন তো, অন্ধকারের মাঝে আপনি একা, হাতে একটা টর্চ, চারদিকে ঘনগভীর বন। মাঝে মাঝে ব্যাঙ্গের ডাক অথবা ঝি ঝি পোকার শব্দ। আপনার উদ্দেশ্য খুঁজা, ব্যাং আর সাপ জাতিয় প্রানি খুঁজা। কি ভয় লাগছে? ভয় লাগাটাই স্বাভাবিক অনেক কিন্তু ব্যাপারটার মাঝে যে পরিমান রোমাঞ্চ লুকিয়ে রয়েছে সেটা না করা পর্যন্ত কোন ভাবেই উপলব্ধি করতে পারবেন না।
আমাদের সাস্ট ক্যাম্পাসে কদিন আগে গ্রীন এক্সপ্লোর সোসাইটি র সাথে কিছু হারপিং এর সুযোগ পেয়ে যাই। আমাদের ক্যাম্পাসে কোন বিষাক্ত সাপ না থাকার পরও ভয় লেগেছিলো হারপিং এ যেয়ে। লাইট ছিল সাথে, কিন্তু লাইট থাকার সব থেকে বড় সমস্যা হল যে টুকু জায়গা লাইট কভার করতে পারবে তার আসে পাসের অন্ধকারকে আরও গভীর আর রহস্যময় করে তুলে। আমরা যেহেতু ভাগ ভাগ হয়ে কাজ করেছিলাম সেহেতু রোমাঞ্চকর অনুভুতি ছিল বেশি। রাতের বেলায় হারপিং কয়েক দিনে পুরো ক্যাম্পাসে আমাদের অভিযান সম্পূর্ণ করি। সব থেকে মজা ( সাথে একটু ভয় ও) লেগেছিল টিলার পেছনে গাছগুলোর মাঝে। লজ্জাবতির কাটা সাথে জোঁক তো আছেই, এরেই মাঝে সাপ ব্যাং খুঁজা। ব্যাপারটা যতটা কঠিন শুনায় ততটা না কারন প্রকৃতির মাঝে প্রকৃতির রহস্য খুঁজে কখনও নিরাশ হতে হবেনা। আমাদের চারপাশের প্রকৃতির মাঝে অনেক রহস্য লুকিয়ে আছে। রহস্য বের করার জন্য আমাদের প্রকৃতির কাছে যেতে হবে, আমিও যাবার চেষ্টা করেছিলাম এবং প্রকৃতিও আমাকে নিরাশ করেনি।
কেন করবেন হারপিং?
আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে হারপিং আপনার জন্য। কারন রাতের অন্ধকারের প্রকৃতিতে আপনি প্রকৃতির কিছু আথিতিকে পাবেন যেটিকে অন্য সময় পাবেননা। আপনার যদি ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করার ইচ্ছে থাকে, হারপিং আপনার জন্য। অথবা আপনি যদি প্রকৃতি প্রেমী হন এটা আপনার জন্য। বাস্তব অভিজ্ঞতা একাডেমিক জীবনেও অনেক সাহায্য করতে বাধ্য। হারপিং এর রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাকে এটার পেছনে আগ্রহী করে তুলবে, অনেক ক্ষেত্রে এটা নেসায় পরিনত হয়ে যায়। ভয়ের মাঝের মজা কি জিনিস সেটা অভিজ্ঞতা ছাড়া জানতে পারা কখনই সম্ভব না।
সতর্কতা-
যেহেতু রাতের বেলায় হারপিং করবেন তাই আগে থেকে কিছু সতর্কতা পালন করা আবশ্যক। যে জায়গাতে করতে চাচ্ছেন হারপিং জায়গাটা সম্পর্কে ধারনা নিন প্রথমে। বিষাক্ত সাপ থাকলে সেটার জন্য গাম বুট থাকা ভালো যদিও সাপ আপনাকে কিছুই বলবেনা যতক্ষণ না পর্যন্ত আগ বাড়িয়ে ওকে জালাতে যাবেন। জোঁকের কামড় খাবার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকা ভালো যদি আপনার ফিল্ড এ কাজ করার পূর্ব অভিজ্ঞতা না থাকে। যথেষ্ট পরিমানে আলোর জন্য টর্চ লাইট সাথে নিন মনে রাখবেন রাতের আঁধারে আপনি এই উপকরণটি ছাড়া একেবারে অসহায়। কোন সাপ দেখলে তাকে চিনার চেষ্টা করুন ভয় না পেয়ে। সে আপনার কোন ক্ষতি করবেনা বরং আপনি যে ভয়টা পাবেন সেটাই আপনার ক্ষতি করতে পারে। এবং সব শেষে মাথায় রাখবেন কোন সংরক্ষিত জায়গায় হারপিং করার আগে প্রসাসনের অনুমতি নিয়ে নিবেন, যেমন ক্যাম্পাসের কোথাও হারপিং করতে চাইলে অনুমতি নিয়ে নিবেন।
নতুন কিছু জানার আগ্রহ থেকেই মানবজাতির এগিয়ে চলা। এই অজানাকে জানার জন্য আমাদের প্রতিদিনের ছুটে চলা। রুটিন বাধা জীবনের মাঝে আটকে থেকে লাইফে কি পেলাম না পেলামের হিসেবে কেটে যায় জীবনের বড় কিছু অংশ। কিছু সময় থাকুন প্রকৃতির মাঝে, প্রকৃতি আপনাকে নিরাশ করবেনা। নতুন কে জানুন।
Tuesday, November 26, 2013
একজন মুহম্মদ জাফর ইকবালের কি প্রয়োজন ?
একজন ব্যক্তি কোন প্রতিষ্ঠান থেকে বড় হতে পারে কি না - এই বিতর্কে না গিয়েও বলা যায় আমাদের এবং আমাদের পরের প্রজন্মের একটা বড় অংশের কাছে জাফর স্যার যেকোন প্রতিষ্ঠানের চাইতে বড় একজন ব্যক্তিত্ব। স্যারের ব্যক্তিগত, ধর্ম-সংক্রান্ত বা রাজনৈতিক যেকোন বিশ্বাসে ভিন্নমত থাকতেই পারে কিন্তু তাঁর একজন সরাসরি-ছাত্র হিসেবে বলতে পারি ভার্সিটিতে জাফর স্যার কখনওই অসদুদ্দেশ্যে কোন পদক্ষেপ নেননি। ট্র্যাডিশনালি আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অত্যন্ত সম্মানিত একটি পেশা হলেও স্বাধীনতা পরবর্তী সময়ে নতজানু এবং সুবিধাবাদি ভূমিকার কারণে আস্তে আস্তে তারা তাদের দেবতুল্য আসন হারিয়েছেন। আমাদের এখানে শিক্ষকেরা নীল-সাদা-গোলাপি এবং বর্ণচোরা হন, তারা ভাড়া খাটেন, ফরমায়েশি ইশতেহার লিখে দেন এবং অনুগ্রহধন্য হবার আশায় ছাত্রনেতা নামধারী কিছু পান্ডার পিঠ চুলকে দেন। আর যারা এগুলো করতে পারেন না তারা টিমটিম করে জ্বলতে জ্বলতে একসময় দুপ করে নিভে যান। (কথাগুলো প্রত্যক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখলাম, কেউ দ্বিমত পোষণ করতে চাইলে আমি দৃষ্টান্ত সহ বাহাসে বসতে রাজি আছি।)
এই ব্যাকড্রপে মফস্বলের একটা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে লেখালেখি থেকে শুরু করে নানা কাজের ভেতর দিয়ে MZI (Muhammad Zafar Iqbal এর সংক্ষেপিত রূপ MZI -আমাদের সেমিস্টারের রুটিনে এভাবেই তাঁর নাম লেখা হত) আমাদের মনে বিশ্ববিদ্যালয়-গবেষণা-সমাজ ভাবনা এগুলো নিয়ে পুরোপুরি নতুন একটা ধারণা গড়ে তোলেন। সমাজে ভাল মানুষের অভাব কখনওই থাকে না, অভাব থাকে ভাল একজন দৃষ্টান্ত সৃষ্টিকারী ব্যক্তিত্বের। এই কথাটা শিক্ষক সমাজের ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য। আক্ষরিক অর্থেই একদল উৎসুক এবং ভালো মানুষ শিক্ষকদের নেতা হিসেবে জাফর স্যার এক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। এই শতকের শুরু থেকেই একদল সমমনা শিক্ষক ও সচেতন সমাজকর্মীদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্যার দেশের নানা প্রান্তে ছুটে গেছেন, অংশ নিয়েছেন তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার মত বিভিন্ন আন্দোলনে, জন্ম দিয়েছেন অসংখ্য প্রতিষ্ঠানের ও উদ্যোগের।
[caption id="attachment_1048" align="aligncenter" width="788"]
iFeri.com SUST Project Fair 2013[/caption]স্যারের এই সব কর্মকাণ্ডের প্রত্যক্ষ সুফলভোগী ছিলাম আমরা যারা সাস্টের ছাত্র। ভার্সিটি থেকে বের হবার পর এমন কোন চাকরির ইন্টারভিউ দেইনি যেখানে জাফর স্যার সম্বন্ধে কিছু 'থোক' প্রশ্ন বরাদ্দ থাকতো না। আমার মনে হয়, সে সময়ের কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন শিক্ষক হিসেবে জাফর স্যার কেমন। জাফর স্যার কোনদিন, কোন একদিন, আমাদের কোন কোর্সের নির্ধারিত ক্লাসে এক মিনিট দেরিতে আসেন নি, হরতাল বা অন্য যেকোন কারণে যে ক্লাসগুলো মিস হত সেই সব ক্লাসগুলো সবসময়ই তিনি মেকাপ করতেন, পরীক্ষায় কখনও কাউকে অন্যায়ভাবে কম বা বেশি দেননি, তাঁর ছাত্রদের মেধার সর্বোচ্চ মূল্যায়ন করেছেন এমনকি সেটা তাঁর মতের সাথে পরিষ্কার অমিল থাকলেও। স্যারের ঢাকা এবং ক্যাম্পাস, দুই বাসাতেই যাওয়ার সুবাদে জানি কতটা সাদামাটা জীবনে তিনি অভ্যস্ত - এই কথাটা বললাম তাদের উদ্দেশ্যে যারা একসময় অর্থ আত্মসাতের মত অপবাদও স্যারের নামে দিতে দ্বিধা করেনি।
গতকাল স্যার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ ত্যাগ করেছেন। কারণটা অনুমানের বা কানাঘুষোর কোন ফাঁক তিনি রাখেননি। বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ-পরীক্ষা পদ্ধতি চালুর যে আন্দোলনে তিনি প্রথম জোরাল পদক্ষেপটি রাখতে পেরেছিলেন যশোর বিশ্ববিদ্যালয়ের সাথে সাস্টের পরীক্ষা আয়োজন করে সেখান থেকে কর্তৃপক্ষের সরে আসার সিদ্ধান্তই স্যারকে এবং ম্যাডামকে বাধ্য করেছে তাদের সাধের এবং সাধনার প্রতিষ্ঠান থেকে নিজেদের গুটিয়ে নিতে। গুচ্ছপরীক্ষা হলে কি হয় ? গুচ্ছপরীক্ষা হলে যশোরের বা রংপুরের বা খাগড়াছড়ির বা সিলেটের বা সিলেটের বা সিলেটের বা সিলেটের (বারবার বলছি তাদের জন্য যারা মনে করেন যশোরে মানুষ থাকেন না, যারা একটি সীমান্ত শহর হিসেবে যশোরের গুরুত্ব জানেন না, যারা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যশোরের অবস্থান জানেন না, যারা মধুসূদনকে চেনেন না এবং যারা মনে করেন সিলেটের একজন ছাত্রের পক্ষে ইহজীবনে যশোর যাবার কোন সম্ভাবনা নেই তাদের জ্ঞাতার্থে) একজন ছাত্র যেকোন এক জায়গায় (যশোর বা সিলেট) বসে তার পছন্দমত ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেন। এর বাইরে এই পদ্ধতির আর কোন অভিনবত্ব বা দুরভিসন্ধি নেই ! কিন্তু যথারীতি এই পদ্ধতি নিয়েও নোংরা আঞ্চলিক রাজনীতির ঘুঁটি চালা হল এবং একটা অন্যায় যুদ্ধে কারো জয় ছাড়াই অসৎ একদল মানুষের প্ররোচনায় সংশ্লিষ্ট সকল পক্ষ পরাজয় বরণ করল।
স্যারের যেকোন সিদ্ধান্তের বুঝে-না-বুঝে বিরোধিতা কোন নতুন বিষয় নয়, কিন্তু কাছের মানুষ যখন ময়দান থেকে সরে আসে এবং যুদ্ধশিবির বদলায় তখন কোন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষই আর সেনাপতির পদ আঁকড়ে ধরে থাকতে পারেন না। এই প্রস্থানের রক্তক্ষরণ স্যার বা তাঁর শুভানুধ্যায়িদের যতটা আহত করবে এর 'আফটারম্যাথ' তার চেয়ে অনেক বেশি আহত করবে এই বিশ্ববিদ্যালয় এবং এই জনপদের বর্তমান ও ভবিষ্যতের বাসিন্দাদের।
এই লেখার উদ্দেশ্য মোটেও জাফর ইকবাল বাঙালি জাতির জন্য কেন অপরিহার্য বা তিনি একজন মহাপুরুষ এটা প্রমাণ করা নয়। স্যারের অনেক মত বা আদর্শের সাথে হয়ত আমরা একমত নই কিন্তু তাই বলে নিরপেক্ষ থাকার ভান ধরে এই অন্যায় শক্তির বিজয়োল্লাস এবং অনাচারের প্রতিষ্ঠা দেখা স্যারের একজন প্রত্যক্ষ ছাত্র হিসেবে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যারা আম জনতা তারা কিন্তু খুব ভালভাবেই জানি বিবদমান রাজনৈতিক দলগুলো শুধুমাত্র তখনই একমত হতে পারে যখন সেখানে নাগরিক হিসেবে আমাদের সুস্পষ্ট স্বার্থলঙ্ঘন হয় ও তাদের উদ্দেশ্য চরিতার্থ হয়। আমরা আশা করি স্যারের এই পদক্ষেপে সিলেট এবং সাধারণ (অসচেতন) দেশবাসীর বোধোদয় হবে এবং তারা সরকার এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে যে শুধু ভোটের রাজনীতিই এই দেশের শেষ কথা না, আমরা এখন নিজেদের স্বার্থ বুঝি ও সেটা আদায় করে নিতে জানি।
Friday, November 15, 2013
জানা-অজানায় লিটল মাস্টার

১. শচীনের পুরো নাম শচীন রমেশ টেন্ডুলকার, উচ্চারণ তেন্দুলকার। রমেশ টেন্ডুলকার তার বাবার নাম। মায়ের নাম রজনী দেবী।
২. সংগীতজ্ঞ শচীন দেব বর্মনের নামেই তার নাম শচীন রাখা হয়।
৩. শচীন ছিলেন সুনীল গাভাস্কারের ভক্ত। স্কুলে পড়ার সময় শচীনকে গাভাস্কার এক জোড়া প্যাড দিয়েছিলেন। শচীন ১৯৮৯ সালে তার জীবনের প্রথম টেস্টে ঐ প্যাডজোড়া পায়ে দিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামেন।
৪. শচীন কুসংস্কারের কারণে সব সময় বাম পায়ের প্যাড প্রথমে পরেন।

৫. ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি স্পিন বোলার হওয়া সত্ত্বেও শচীন লেখেন বাম হাত দিয়ে।
৬. শচীন বোলিং প্রশিক্ষণের জন্য এমআরএফ পেস ফাউন্ডেশনে ভর্তি হন। কিন্তু তার বোলিং এ অসন্তোষ প্রকাশ করেন বিখ্যাত অস্ট্রেলিয়ান লিজেন্ড বোলার ডেনিস লিলি। তিনিই শচীনকে ব্যাটিং এ মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
৭. শচীন কখনো অনুর্ধ্ব উনিশে খেলেন নি। তিনি একবারে বড়দের প্রথম শ্রেণির খেলায় অংশ নেন।
৮. তিনি তার প্রথম একদিনের খেলায় শূণ্য রান করেন।
৯. ক্রিকেট জীবনের প্রথম দিকে তিনি তার কোচ রমাকান্ত আচরেকারের কাছ থেকে একটা করে কয়েন লাভ করতেন যদি একবারও বাদ না পড়ে নেট প্র্যাকটিস সেশন উতরে যেতে পারতেন। এভাবে মোট ১৩ টি কয়েন লাভ করেন তিনি।
১০. ছোটবেলায় টেন্ডুলকার তার গ্লাভস,প্যাড, হেলমেট নিয়ে ঘুমাতেন।
১১. টেন্ডুলকারই প্রথম ব্যাটসম্যান যিনি থার্ড আম্পায়ারের ডিসিশনে আউট ঘোষিত হয়েছেন। এ ঘটনা ঘটে ১৯৯২ সালে ডারবান টেস্টে।
১২. সাধারণ ব্যাটের চেয়ে অধিক ভারি ব্যাট ব্যবহার করেন শচীন। একমাত্র দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারই তার থেকে ভারি ব্যাট ব্যবহার করেন।
১৩. শান্ত-ভদ্র হিসেবে পরিচিত শচীন কিন্তু স্কুল জীবনে সহপাঠীদের আংলি দিতে ওস্তাদ ছিলেন।
১৪. ১৯৯৫ সালে শচীন রোজা মুভিটি দেখতে দাঁড়ি লাগিয়ে চশমা পরে ছদ্মবেশে সিনেমা হলে যান। কিন্তু তার চশমা খসে পড়ায় উপস্থিত ব্যক্তিরা তাকে চিনে ফেলেন।

১৫. শচীনের মাতৃভাষা মারাঠী। তার বাবা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে মারাঠী পড়াতেন। আর মা ছিলেন একজন বীমা কর্মকর্তা। তার প্রিয় খাবার ভাডা-পাও (এক ধরণের মহারাষ্ট্রীয় খাবার)।
১৬. শচীনকে একবার মাইকেল শুমাখার একটি ফেরারি গাড়ি উপহার দিয়েছিলেন। সেটি দেশে আনতে শচীনকে বেশ বেগ পেতে হয়েছিল। বিরাট অংকের শুল্কের পুরোটাই দিয়েছিল ফিয়াট অটো যদিও তৎকালীন অর্থমন্ত্রী তার শুল্ক মওকুফ করতে চেয়েছিলেন।
১৭. এই ফেরারি তিনি এতই ভালবাসতেন যে অ্যাক্সিডেন্টের ভয়ে তার স্ত্রী অঞ্জলীকেও চালাতে দিতেন না।
১৮. টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলীকে ‘বাবু মশাই’ বলে সম্বোধন করেন আর গাঙ্গুলী তাকে ডাকেন ‘ছোটা বাবু’ নামে।
১৯. ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্পিনার হরভজন সিং কিন্তু বোলিং করা শিখেন টেন্ডুলকারের কাছ থেকেই।
২০. বৃষ্টির মৌসুমে যখন খেলা বা প্র্যাকটিস বন্ধ থাকে তখন শচীন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতে ভালোবাসেন।

২১. শচীনের শাশুড়ি অ্যানাবেল মেহতা একজন ব্রিটিশ নাগরিক হওয়ায় শচীনের ছেলে ইচ্ছে করলে ইংল্যান্ডের কাউন্টি দলে স্বদেশি হিসেবে খেলতে পারে।
২২. ভারতের রাজ্যসভার একজন সদস্য তিনি। রাজ্যসভার ২৫০ টি আসনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ১২ জন সদস্যের একজন হিসেবে সদস্যপদ লাভ করেন।
২৩. ভারতীয় বিমান বাহিনী তাকে সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদা দান করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন ভারতের এই ক্রিকেট মহারাজ। কিন্তু তাকে হৃদয় থেকে বিদায় জানানো সম্ভব নয় কোনো ভক্তের পক্ষেই। ব্যাটিংকে যে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছেন এই লিটল মাস্টার, সে জন্যেই তাকে হাজার বছর ধরে মনে রাখবে সবাই। অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন একবার বলেছিলেন, “আমি রাতে দুঃস্বপ্ন দেখি যে শচীন টেন্ডুলকার আমার বলে ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছেন এবং ক্রিজে নাচানাচি করছেন" -এত বড় বোলার এরকম কথা তখনই বলতে পারেন যখন কথাটা হয় একজন কিংবদন্তি ব্যাটসম্যানকে নিয়ে। অনেকেই বলে থাকেন শচীন নাকি ‘ম্যাচ উইনিং প্লেয়ার’ নন। শচীন শতরান করেছেন কিন্তু দল জেতে নি এমন হয়েছে অনেকবার। কিন্তু তাই বলে শচীনের তুলনা কিন্তু শচীনই। স্থিরচিত্তে বাঘা বাঘা বোলারদের চার-ছয় পিটিয়ে যেভাবে নাকাল করেছেন তিনি, তার সাক্ষী হয়ে আছে ইতিহাস। শেষ টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রান করেছেন। আশা করি, দ্বিতীয় এবং জীবনের শেষ টেস্ট ইনিংসে ভক্তদের জন্য দারুন কিছু উপহার দিতে যাচ্ছেন তিনি।
তথ্য ও ছবি কৃতজ্ঞতা: ইন্টারনেট
Wednesday, October 9, 2013
জানা-অজানায় চে
চে গুয়েভারার নাম শোনেন নি, কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এমন তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। চে সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি। তার সম্পর্কে আরেকটু জানার কিংবা জানাবার ধৃষ্টতা দেখিয়েছি এখানে। চে গুয়েভারার প্রকৃত নাম ‘আর্নেস্তো গেভারা দে লা সের্না’। তবে তিনি ‘চে গেভারা’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন। স্প্যানিশে চে অর্থ প্রিয়। ‘চে গেভারা’ অর্থ ‘প্রিয় গেভারা”। ভালোবেসে মানুষ তাকে এ নামে ডাকতো। তার নাম ইংরেজিতে উচ্চারণ করলে গুয়েভারা হয়, স্প্যানিশে কিন্তু গেভারাই। চে’র জন্ম ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনায়। পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক। চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হিসেবে তিনি সমগ্র লাতিন আমেরিকায় ঘুরতে বের হন। সে সময় লাতিন আমেরিকা অঞ্চলের দারিদ্র্যের সামগ্রিক রূপ দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং এ অঞ্চলের দারিদ্র্য দূরীকরণের স্বপ্ন দেখতে থাকেন। জন্মসূত্রে বা জাতিগতভাবে চে আর্জেন্টিনার নাগরিক হলেও মানসিকভাবে তিনি আসলে গোটা লাতিন আমেরিকারই নাগরিক ছিলেন। অবশ্য পরে দেখা যায় তিনি আসলে একজন বিশ্ব নাগরিক ছিলেন। পৃথিবীর যে প্রান্তেই বৈষম্যের শিকার মানুষ ছিল সে প্রান্তেই তিনি ছুটে গিয়েছেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে।

পারিবারিক প্রভাব বা কবিতার প্রতি অনুরক্ততাই হয়তো বাল্যকাল থেকে তার মাঝে বিপ্লবী চেতনার জন্ম দেয়। আর সে কারণেই ১৯৫১ সালে বুয়েস আইরেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানের ছাত্র থাকাকালীন তিনি এক বছরের জন্য শিক্ষাবিরতি দিয়ে মোটর সাইকেলে করে বন্ধু আলবার্তো গ্রানাদোর সাথে পেরুর দিকে রওনা দেন। তাঁর উদ্দেশ্য ছিল পেরুর সান পাবলো লেপার কলোনীতে (কুষ্ঠ রোগীদের বিশেষ কলোনী) স্বেচ্ছা সেবক হিসেবে কাজ করা। যাত্রা পথে তিনি প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের দরিদ্র জীবনযাত্রা দেখে চরম ব্যথিত হন। তিনি দেখতে পান কীভাবে দরিদ্র কৃষকেরা মহাজনদের দ্বারা অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে। একই সাথে লেপার কলোনীতে কুষ্ঠ রোগীদের পারস্পারিক ভ্রাতৃত্ববোধ দেখে অভিভূত হন। এ ভ্রমন অভিজ্ঞতা থেকেই তিনি যে ডায়েরী লেখেন তা ‘দ্য মোটরসাইকেল ডায়েরীজ’ নামে সুপরিচিতি লাভ করে। লাতিন আমেরিকায় এ সামাজিক বৈষম্য দূর করার জন্য তিনি গুয়েতেমালার রাষ্ট্রপতি জাকাবো আরবেনজ গুজমানের নেতৃত্বে গুয়েতেমালার সামাজিক সংস্কার আন্দোলনে যোগ দেন। ১৯৫৪ সালে সিআইএ’র ষড়যন্ত্রে গুজমানকে ক্ষমতাচ্যুত করা হলে চে সমাজতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবার পক্ষে আরো সংকল্পবদ্ধ হয়ে পড়েন।
চে’র আনুষ্ঠানিক বিপ্লবী জীবন শুরু হয় কাস্ত্রো ভ্রাতৃদ্বয়ের সাথে সাক্ষাতের পর থেকে। ১৯৫৪ সালে গেভারা মেক্সিকো শহরে গিয়ে একাধিক হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন। ১৯৫৫ সালের জুন মাসে তার সাথে দেশান্তরী রাউল ও ফিদেল কাস্ত্রোর পরিচয় ঘটে। রাউল ও ফিদেল তখন কিউবার মার্কিন-মদদপুষ্ট একনায়ক ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছিলেন। কিউবায় বাতিস্তা সরকার পতন আন্দোলন চালানোর জন্য যে বিপ্লবী দল পাঠানোর পরিকল্পনা করেছিলেন ফিদেল সে দলে একজন চিকিৎসক রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি। চে গেভারা সানন্দে বিপ্লবী দলের সাথে চিকিৎসক হিসেবে কাজ করতে রাজি হন। ১৯৫৬ সালের ২৫ নভেম্বর বাতিস্তা সরকারের পতন ঘটানোর উদ্দেশ্য একটি বিপ্লবী দল মেক্সিকো থেকে কিউবার দিকে গ্রানমা নামক এক ছোট্ট কেবিন ক্রুজারে রওনা হয়। কিউবার লাস কালোরাডাস উপকূলে বাতিস্তার সেনাবাহিনীর মুখোমুখি হতে হয় তাদের। সেখানে চে’ তার ৮২ জন সহযোদ্ধাকে হারান। মাত্র ২১ জন বিপ্লবীকে নিয়ে চে সিয়েরা মস্ত্রা পর্বতমালার দিকে রওনা হন। চে যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন দলের চিকিৎসক। তার কাছে ছিল ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর একটি বাক্স। কিন্তু ৮২ জন কমরেড নিহত কিংবা ধরা পড়ার পর চে’র দল যখন পালিয়ে যাচ্ছিল তখন একজন সহযোদ্ধার ফেলে যাওয়া গোলাবারুদের বাক্স তুলে নেন চে। ওষুধ ও গোলাবারুদের বাক্স একত্রে বহন করা তার জন্য কষ্টকর হয়ে পড়ছিল। এক পর্যায়ে তিনি ওষুধের বাক্স ফেলে দিয়ে শুধু গুলির বাক্স নিয়ে পথচলা শুরু করেন। আর ঠিক সেই মূহুর্তেই চিকিৎসক চে গেভারা পরিণত হন একজন যোদ্ধায়।

সিয়েরা মস্ত্রা পর্বতমালায় আশ্রয় নেয়া বিপ্লবী দল পুনরায় সংঘবদ্ধ হতে পেরেছিল। চে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করতে শুরু করলেন। আস্তে আস্তে বিপ্লবীদের দল বড় হতে লাগল। চিকিৎসক কাস্ত্রো হয়ে উঠলেন যোদ্ধা। তিনি বিপ্লবীদের সামরিক প্রশিক্ষণও প্রদান করতেন। এক সময় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র চালু করেন। রণকৌশল এবং কূটনৈতিক নানা বিষয়ে ফিদেল কাস্ত্রোকে গেভারা পরামর্শ দিতেন। টাইম ম্যাগাজিন চে’কে ‘কাস্ত্রোর মস্তিষ্ক’ উপাধি দেয়। চে’ বিপ্লবী দলের একজন কমান্ডার হিসেবে কাজ করতে থাকেন। কর্তব্যে অবহেলাকারীদের নির্দ্বিধিয়া গুলি করতেন তিনি। এভাবে এক ভয়ংকর যোদ্ধা হয়ে ওঠেন তিনি এক সময়। দীর্ঘ দিন বিপ্লব চলার পর উপায় না পেয়ে ১৯৫৯ সালের ২ জানুয়ারি একনায়ক বাতিস্তা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল। বিপ্লবীদের কমান্ডার চে কিউবার রাজধানী হাভানায় বিজয়ীর বেশে প্রবেশ করলেন। আমজনতা তাদের সাদরে বরণ করে নিল। কিউবা বিপ্লবে সফল নেতৃত্ব দানই চে গেভারার জীবনের সবচেয়ে বড় অর্জন।
একনায়ক বাতিস্তাকে অপসরণ করে বিপ্লবী কাস্ত্রো সরকার ক্ষমতা গ্রহণ করার পর গেভারা অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৬১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি কিউবার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় একদিন বিপ্লবীদের অধিবেশনে ফিদেল কাস্ত্রো জিজ্ঞেস করেন তাদের মাঝে কোনো ‘ইকোনমিস্ট’ আছেন কিনা। কিন্তু চে ভুলে শুনতে পান “কোনো কমিউনিস্ট আছে কিনা”। ফলে তিনি নির্দ্বিধায় হাত তোলেন এবং কাস্ত্রো তাকে ব্যাংক অব ন্যাশনাল বা কিউবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান করে দেন। এসময় কিউবার নোটে তাঁর স্বাক্ষর হিসেবে শুধু ‘চে’ লেখা থাকত।
১৯৬৫ সালে কিউবার শুভেচ্ছাদূত এবং বিশ্ব বিপ্লবীদের কূটনীতিক হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকা সফরে যান। সফর থেকে কিউবায় ফিরে ফিদেলের সাথে ৪০ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন চে’। এ বৈঠকের পর চে’ একেবারে গায়েব হয়ে পড়েন। তার অবস্থান সম্পর্কে কেউ কোনো খোঁজ পাচ্ছিল না। আসলে চে’ গেভারা নতুন মিশনে নেমেছিলেন। কিউবায় তার কাজ শেষ। এবার তাকে নতুন কোনো বিপ্লবে নেতৃত্ব দিতে হবে। সে লক্ষেই ১৯৬৫-৬৬ সালে আফ্রিকায় বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছিলেন তিনি। আফ্রিকার মানুষ তাকে নাম দিয়েছিল ‘মুগান্দা’ যার অর্থ ‘ত্রাণকর্তা’। আর গেরিলারা তাঁকে সম্বোধন করতো কমান্ডার ‘তাঁতু’ নামে। তিনি তখন কঙ্গোবাসীর স্বাধীনতা নিয়ে বিপ্লব করছিলেন। কিন্তু বিপ্লবীদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে তার সে বিপ্লব সফল হয় নি। পরে তিনি কিউবায় ফিরে আসেন।

হাভানায় থাকাকালীন চেয়ে চিন্তা করেন বলিভিয়ায় মার্কিন মদদপুষ্ট সরকার পতনের। বলিভিয়ার জনগণের মুক্তির জন্য তিনি কিউবার সিক্রেট সার্ভিসের সহযোগিতায় উরুগুয়ের নাগরিকের ছদ্মবেশে বলিভিয়ায় প্রবেশ করেন। ১৮ জন বিশ্বস্ত কিউবাঙ্কে নিয়ে মোট ৫০ জনের একটি গেরিলা দল গঠন করেন চে। কিন্তু বলিভিয়ার কমিনুনিস্ট পার্টির কাছ থেকে তারা কোনো সহায়তা পায় নি। এমনকি রাশিয়ার সাথে মার্কিনিদের সদ্য সুসম্পর্ক স্থাপিত হওয়ায় রাশিয়াও সেভাবে বিপ্লবীদের সাহায্যে এগিয়ে আসে নি। বিপ্লবীদের মনোবল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। অনেকে পালিয়েও যায়। বলিভিয়ার সামরিক বাহিনীর সাথে পেরে উঠতে ব্যর্থ হয় চে’র বিপ্লবী দল। এক সময় তিনি ধরা পড়েন। বন্দী অবস্থায় ১৯৬৭ সালের ৯ অক্টোবর বিপ্লবের রাজপুত্র চে গেভারাকে হত্যা করে সেনাবাহিনী।

আজ ৪৬ বছর পরে ২০১৩ সালের ৯ অক্টোবর। ৪৬ বছর ধরে চে’ আমাদের সাথে নেই। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর ‘গুয়েভারার প্রতি’ কবিতার প্রথম লাইনেই লিখেছেন, “চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়”। শুধু সুনীলকে না, চে’র মৃত্যু পৃথিবীর স্বাধীনতাকামী সকল মানুষকেই অপরাধী করে দেয়। যুগে যুগে বিপ্লবের দিশারী, পরিবর্তনের দিশারী, মুক্তিকামী মানুষের নেতাদের প্রাণ হারাতে হয়েছে সাম্রাজ্যবাদী শক্তির হাতে। কিন্তু তবুও বিপ্লব থেমে থাকে নি। চে’র জীবন আরো হাজারো বিপ্লবীর জন্ম দিয়েছে, দিচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। চে’কে হত্যা করার আগের একটি ঘটনা বলেই লেখা শেষ করবো। বন্দী অবস্থায় চে’কে এক তরুণ সেনা কর্মকর্তা জিজ্ঞেস করে, “আপনি কী ভাবছেন?” চে’ উত্তর দেন, “আমি বিপ্লবের অমরত্বের কথা ভাবছি”। হ্যাঁ, সত্যিই তো। চে মারা গিয়েছেন, কিন্তু বিপ্লব তো মারা যায় নি। বিপ্লব তো অমর।
Thursday, September 12, 2013
ইতিবাচক মনোভাব গড়ে তোলার ৮টি উপায়
ইতিবাচক মনোভাব যেমন সাফল্যকে ত্বরান্বিত করে তেমনি নেতিবাচক মনোভাব সাফল্যকে করে বাধাগ্রস্ত। নেতিবাচকের চেয়ে ইতিবাচক কর্মকান্ড ও মনোভাব সবার কাছেই বেশি গ্রহণযোগ্য। আপনি যদি সত্যিই সফল হতে চান সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে ইতিবাচক মনোভাব তৈরি করা এবং একই সাথে তা ধরেও রাখা।
ইন্টারনেট থেকে পাওয়া এই কৌতুক হয়ত অনেকের জানা। জুতা কোম্পানীর সেই দুজন বিক্রেতা যাদেরকে আলাদাভাবে পাঠানো হয়েছিল এক প্রত্যন্ত অঞ্চলে জুতার সম্ভাব্য বাজার নির্ধারন করতে। একজন এসে বলল যে ওখানে জুতার কোন বাজারই নেই। পাঁচ হাজার লোকের বসবাস সেখানে কিন্তু কেউ জুতা পায়ে দেয় না। অন্যজন বলল যে ওখানে জুতার বাজারের বিপুল সম্ভবনা কারন পাঁচ হাজার লোকের কেউই জুতা পায়ে দেয় না। একজন নিরাশাবাদী মানুষ অনেক সম্ভাবনার মধ্যেও সমস্যা খুঁজে বের করতে পারে আর একজন আশাবাদী মানুষ অনেক সমস্যার মধ্যেও খুঁজে বের করতে পারে সম্ভাবনা।
যখন আপনি কোন কাজে নেতৃত্ব দেবেন তখন ইতিবাচক মনোভাব না থাকলেও হয়তো কাজটি সম্পন্ন হবে কিন্তু আপনার ইতিবাচক মনোভাব সবাইকে তার নিজের সবচেয়ে ভাল কাজটুকু করতে উৎসাহিত করবে। আর তা মাথায় রেখেই জানাচ্ছি ইতিবাচক মনোভাব গড়ে তোলার ৮টি উপায়ঃ
১. লক্ষ্যের সাথে সংগতি রেখে কাজ করুন:
কোন কাজ শুরু করার আগে ভাবুন এটি কিভাবে আপনাকে আপনার আসল লক্ষ্যের কাছে নিয়ে যাবে। যদি আপনার কাজ আর লক্ষ্যের মধ্যে মিল না থাকে তবে তা না করাই ভাল। উদ্দেশ্যহীন কাজ শুধু আপনার সময় আর শক্তিই নষ্ট করবে।
২. প্রতিদিন নিজেকে পুরোনো সীমাবদ্ধতাগুলো থেকে বের করে আনার চেষ্টা করুন:
পূর্বে যতই সফলতা আনুক না কেন একই কাজ বার বার করলে তা বিরক্তির সৃষ্টি করে। সফলতা অনেকটা শরীরচর্চা করার মত,শরীরচর্চা যেমন নিয়মিত চর্চা করতে হয় সফলতা পেতে হলেও প্রতিনিয়ত নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তা ঠিক করার চেষ্টা চালিয়ে যেতে হয়।
৩. লক্ষ্য সুনির্দিষ্ট রাখুন- ফলাফল নয়ঃ
সাধারণত জীবনের নানা ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হয় এবং আপনি যেমন ফলাফল চান সে অনুযায়ী কাজগুলো সাজাতে হয়। কিন্তু আগে থেকে কোন সুনির্দিষ্ট ফল আশা করার মানেই হচ্ছে সেই ফল কোন কারনে না পেলে তা থেকে হতাশায় ভোগা। নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করুন লক্ষ্যে পৌঁছাতে কিন্তু ফলাফল নিয়ে বেশি মাথা ঘামাবেন না।
৪. অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিনঃ
অতীতের অসফলতা নিয়ে হতাশ না হয়ে চেষ্টা করুন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবার। অতীতটা ভুল হোক বা শুদ্ধ, তাতে কিছু আসে যায় না। মনে রাখুন আপনি যে ফলাফল পেতে চান তা পাওয়ার পন্থা লুকিয়ে আছে আপনি যে ফলাফল ইতোমধ্যে পেয়েছেন তার মধ্যেই।
৫. ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশুন:
এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আপনার মস্তিষ্ক আপনার অজান্তেই আপনার আশেপাশের মানুষগুলোর আচরণ নকল করতে থাকে (যার কারন হচ্ছে ‘a mirror neuron’)। এর মানে হচ্ছে ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশলে আপনার মনেও তার প্রভাব পরবে। আর নেতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশলে তার প্রভাবও আপনার উপর পরবে। তাই সবসময় চেষ্টা করুন ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের সাথে মিশতে।
৬. নিজেকে বেশি গুরুত্ব দেবেন নাঃ
আপনি যদি চান যে আপনার আশেপাশের মানুষগুলো আপনার সাথে সহজভাবে মিশবে তাহলে নিজের করা ভুলগুলো স্বীকার করে তা নিয়ে নিজেই মজা করতে শিখুন, নিজের উপর হাসতে শিখুন। যদি আপনি নিজে নিজের ভুলগুলো নিয়ে হাসতে না পারেন তবে নিশ্চিত থাকুন আপনার অবর্তমানে অন্যরা সে কাজটি অবশ্যই করে।
৭. অন্যদের অক্ষমতা সহজভাবে নিনঃ
সবার কাজ করার ক্ষমতা একই রকম হয় না। যেভাবে আপনি একটি কাজ করতে পারতেন ঠিক সেভাবে অন্য কেউ নাও করতে পারে, তাই এটি নিয়ে মন খারাপ করা ঠিক হবে না।
৮. ধন্যবাদ বলুন নিয়মিতঃ
কৃতজ্ঞতা বোধ তৈরি হবে তখনই যখন আপনি জীবনের ছোট ছোট দুঃখকষ্টগুলোকে সরিয়ে প্রাপ্তিগুলোকেই বড় করে দেখবেন। অন্যদের দেয়া উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, হোক না তা এক চিলতে হাসি।
সুত্রঃ Inc.com

